বৃহস্পতিবার আনএডেড মাদ্রাসা শিক্ষকদের নবান্ন অভিযানকে ঘিরে উত্তেজনা তৈরি হয় ধর্মতলায়। কলকাতা পুরসভার কাছে এসএন ব্যানার্জি রোডে মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। পরে সকল আন্দোলনরত শিক্ষকদের আটক করে পুলিশ।
ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আনএডেড মাদ্রাসা শিক্ষকরা বৃহস্পতিবার মিড-ডে মিল থেকে স্কুলের পোশাক-সহ বেশ কিছু দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দেন। দুপুরে এই মিছিল শুরু হয়। শিয়ালদহ থেকে এসএন ব্যানার্জি রোড ধরে এগিয়ে যায় মিছিল। কলকাতা পুরসভার কাছে পুলিশ মিছিল আটকালে তৈরি হয় উত্তেজনা। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলেন। পুলিশ তাঁদের বলপূর্বক ভাবে আটক করেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রের খবর, এই নবান্ন অভিযানের কোনও অনুমতি দেওয়া হয়নি। মিছিল যখন ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছিল সেই সময় তাঁদের আটকানো হয়। আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, তাঁদের মাদ্রাসার পড়ুয়ারা মিড ডে মিল, স্কুলের পোশাক ও পাঠ্যপুস্তক পায় না। আরও অভিযোগ, শিক্ষকরাও বেতন বৈষম্যের শিকার। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে এই মাদ্রাসার পড়ুয়াদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে, তারই সঙ্গে শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে হবে।