Advertisement
E-Paper

একাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এ দেশে! জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ছাড়পত্র দিল কেন্দ্র

ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্ক এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস-এর ক্যাম্পাস এ দেশে তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১২:৪৯

ছবি: সংগৃহীত।

বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে হবে না পড়ুয়াদের, এ কথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যাশা মতো এ দেশেই ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্ক এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস-এর ক্যাম্পাস তৈরি হতে চলেছে। সম্প্রতি শিক্ষামন্ত্রকের তরফে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলির জন্য ক্যাম্পাস তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ওই ছাড়পত্র তুলে দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পঠনপাঠন চলবে। বেঙ্গালুরু এবং মুম্বইয়ে উল্লিখিত ক্যাম্পাসগুলি তৈরি করা হবে।

জানা গিয়েছে, ১৮৭৬-এ প্রতিষ্ঠিত ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ব্রিস্টল মুম্বইয়ে ক্যাম্পাস গড়বে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফে অর্থনীতি, ব্যবসায়িক ব্যবস্থাপনা, ইমার্সিভ আর্টস, ফিন্যান্স, ডেটা সায়েন্স, অন্ত্রেপ্রেনিওরশিপ অ্যান্ড ইনোভেশন সংক্রান্ত বিষয়গুলি পড়ানো হবে। তবে, ওই বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিক্যাল শাখার বিষয়গুলি নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ পেয়ে থাকেন পড়ুয়ারা। জলবায়ু পরিবর্তন এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়েও এই বিশ্ববিদ্যালয়ের কাজ উল্লেখযোগ্য।

কলা শাখায় বিশ্বমানের গবেষণা প্রকল্পে যোগদানের সুযোগ মিলতে পারে ইউনিভার্সিটি অফ ইয়র্ক থেকেও। ১৯৬৩-এ প্রতিষ্ঠিত ইংল্যান্ডের ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মুম্বইতে তৈরি হতে চলেছে। তবে, সংশ্লিষ্ট ক্যাম্পাসে কৃত্রিম মেধা, সাইবার সুরক্ষা, অর্থনীতি, ব্যবসা, ফিন্যান্স এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিস অ্যান্ড ম্যানেজমেন্ট-এর মতো বিষয়গুলি নিয়ে পড়ানো হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, জ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনী শক্তির প্রাণকেন্দ্র হিসাবে মুম্বই শহরে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হওয়া ভবিষ্যতের জন্য অন্তত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস-এর ক্যাম্পাস তৈরি হবে বেঙ্গালুরুতে। মূলত প্রযুক্তি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়গুলিতে পঠনপাঠনের সুযোগ দেবে ১৯৪৯-তে প্রতিষ্ঠিত ওই বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট ক্যাম্পাস থেকে পড়ুয়ারা সাইবার সুরক্ষা, কম্পিউটার সায়েন্স এবং ব্যবসা নিয়ে পড়তে পারবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরু-র সিলিকন ভ্যালিকে মেধা এবং যোগ্যতা ভিত্তিতে এগিয়ে আনতে ওই শহরে ক্যাম্পাস তৈরির কথা বিবেচনা করা হয়েছে।

দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক মানের পঠনপাঠনের সুযোগ সকলে পান না। তাই দেশে থেকেই যাতে নামী বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অর্জন করতে পারেন, সেই এই উদ্যোগ। তবে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনেই ইতালি, আমেরিকা-র ১০টি বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

New South Wales Abroad Education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy