Advertisement
E-Paper

হচ্ছে না ইদের দিনে কুয়েট ইউজি, পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত এনটিএ-এর

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ছুটির দিনে পরীক্ষা নেওয়া হচ্ছে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৯:৪৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকার দিন বদলের সিদ্ধান্ত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) একটি বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে বিশদ জানিয়েছে। ১১ মে থেকে কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট (কুয়েট ইউজি) শুরু হয়েছে। ৩১ মে পর্যন্ত ওই পরীক্ষা নেওয়া হবে। তবে, ২৮ মে পরীক্ষার দিন বদলানো হয়েছে।

উল্লেখ্য, ২৮ মে ইদ-উল-আযহা থাকার কারণে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (এসআইও ইন্ডিয়া) তরফে আয়োজক সংস্থার কাছে দিন বদলের আবেদন করা হয়েছিল। সংগঠনের তরফে এও বলা হয়, গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের দিনে পরীক্ষা থাকলে পরীক্ষার্থীরা যাতায়াত, থাকার ব্যবস্থা এবং ধর্মীয় আচার পালনে সমস্যার সম্মুখীন হতে পারেন।

তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে ছুটির দিনে পরীক্ষা নেওয়া হবে না, এমনটা জানিয়েছে এনটিএ। তবে, দিনবদল হলেও কবে কুয়েট ইউজি হতে চলেছে, সেই সম্পর্কে কোনও তথ্য এনটিএ জানায়নি। উল্লেখ্য, চলতি বছর ওই প্রবেশিকার জন্য নাম নথিভুক্ত করেছেন ১৫,৬৮,৮৬৬ জন প্রার্থী।

ভারতের বিভিন্ন শহরের একাধিক পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি, বিদেশের ১৫টি শহরেও পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। পরীক্ষায় উত্তীর্ণেরা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ নানা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

Common University Entrance Test exam schedule National Testing Agency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy