হাঁসফাঁস গরমে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং আশপাশের এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহেই। তাতে গরমও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা এবং হাওড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বুধবার থেকেই। বৃহস্পতিবার এই দুই জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শুক্রবারের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি বা উত্তর ২৪ পরগনায় আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা নেই। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সোমবার থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার পর্যন্ত এই সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমের জেলাগুলিতে গরমের অস্বস্তি থাকবে।
আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তার পরের তিন দিনে সার্বিক ভাবে দুই থেকে তিন ডিগ্রি পারদ নামতে পারে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়। উত্তরেও পারদ বেশ কিছুটা নামতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বিহার এবং আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, বিহার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তা ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। উত্তর এবং দক্ষিণবঙ্গে তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে গরমের অস্বস্তিও বাড়িয়ে দিয়েছে জলীয় বাষ্প।