বিশ্ব তথা দেশের সমস্ত ক্ষেত্রেই বাড়ছে কৃত্রিম মেধার প্রয়োগ। চিকিৎসাক্ষেত্রেও যে এর রমরমা। তা-ই যেন আরও একবার প্রমাণ হল ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)-এর বর্তমান বিশ্বরেকর্ড-এ। সম্প্রতি স্বাস্থ্য পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপর তাদের একটি লাইভ স্ট্রিমিং বা সরাসরি অনুষ্ঠান ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ স্বীকৃতি লাভ করেছে।
চিকিৎসাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছিল এনবিইএমএস। ইউটিউবে সম্প্রচারিত সেই অনুষ্ঠানে যোগদান করেন ১৭,৯৯৯ জন চিকিৎসক। আর তাতেই ‘স্বাস্থ্যক্ষেত্রে এআই-এর ব্যবহার নিয়ে ইউটিউবে সম্প্রচারিত অনুষ্ঠানে সর্বোচ্চ দর্শক’ বিভাগে বিশ্বরেকর্ড গড়েছে এনবিইএমএস। এমন বিষয়ে বিশ্বে বৃহত্তম অনলাইন ক্লাসের আয়োজন করে নাম নথিভুক্ত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ।
আরও পড়ুন:
মূলত এটি এনবিইএমএস-এর একটি অনলাইন কোর্স। যেখানে দেশের চিকিৎসকদের ছ’মাস এআই সংক্রান্ত প্রশিক্ষণের দেওয়া হবে। কোর্সের মূল তত্ত্বাবধায়ক এনবিইএমএস সভাপতি এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-র চেয়ারম্যান অভিজাত শেঠ। কোর্সের মূল ভাবনা বোর্ডের পরিচালন সমিতির সদস্য রাকেশ শর্মা, চিকিৎসক এভিএস সুরেশ-সহ অন্যরা। মোট ২০ মডিউলের এই অনলাইন প্রশিক্ষণের জন্য ক্লাস নেবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আইআইএম লখনউ, আইআইএসসি বেঙ্গালুরুর মতো নামী প্রতিষ্ঠানের শিক্ষকেরা। বিনামূল্যের এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ হল, দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা।
এই প্রসঙ্গে এনবিইএমএস-এর সভাপতি অভিজাত শেঠ-এর দাবি, এই স্বীকৃতি চিকিৎসাক্ষেত্রে এআই-এর ব্যবহারের ক্ষেত্রে এই স্বীকৃতি এক অন্য মাত্রা যোগ করল। যা প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অন্য ক্ষেত্রেও কৃত্রিম মেধার প্রয়োগকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে।