জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই মেন) প্রথম পর্বের পরীক্ষার ‘রেসপন্স শিট’ এবং ‘আনসার কি’ প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে ঘোষণা করা হয়েছে সম্ভাব্য উত্তরসংকেত। পরীক্ষার্থীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন ফলাফল।
ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিষয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই মেন) প্রথম পর্বের পরীক্ষার ‘আনসার কি’ দেখার জন্য পড়ুয়াদের অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে এনটিএ-র পোর্টালে। এর পরেই কোন প্রশ্নের কী উত্তর দিয়েছেন, তা দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এনটিএ সঠিক উত্তরেরও আলাদা একটি পাতা প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা কোনও প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি জানাতে পারবেন ৪ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে। পরীক্ষার্থীদের উপযুক্ত প্রমাণ এবং প্রতি প্রশ্নের ভিত্তিতে টাকা জমা দিতে হবে। এর পরে অভিযোগ খতিয়ে দেখে ১২ ফেব্রুয়ারি পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে এনটিএ।
আরও পড়ুন:
এনটিএ-র প্রথম পর্বের ‘আনসার কি’ প্রকাশের পাশাপাশি দ্বিতীয় পর্বের আবেদন প্রক্রিয়ার দিনক্ষণ জানানো হয়েছে। আগামী ১ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন গ্রহণ করা হবে। তবে এই সময়সীমা পরিবর্তনসাপেক্ষ। এর পরে দ্বিতীয় পর্বের জেইই মেন-এর আয়োজন করা হবে ২ থেকে ৯ এপ্রিলের মধ্যে। পরীক্ষার্থীদের কোনও সমস্যা হলে তাঁরা jeemain@nta.ac.in-এ ই-মেল পাঠিয়ে বা ০১১-৪০৭৫৯০০০ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে এনটিএ জানিয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)।