নিট পুনঃপরীক্ষার সম্ভাব্য উত্তর সঙ্কেত বা প্রভেশনাল আনসার কি সংক্রান্ত আপত্তি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা। সংবাদসংস্থা সূত্রে খবর, ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) তরফে ওই প্রবেশিকার ফল ২০ জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে। আয়োজক সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, পরীক্ষার্থীদের সম্ভাব্য উত্তর সঙ্কেত সংক্রান্ত যাবতীয় আপত্তি পর্যালোচনা করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদসংস্থা সূত্রে খবর, পরীক্ষার্থীদের জন্য এমবিবিএস-এর পঠনপাঠন শুরু হওয়ার আগেই নিট ইউজি-র পুনঃপরীক্ষার ফল ঘোষণা করা হবে। যদিও এখনও পর্যন্ত কাউন্সেলিং-এর দিন ঘোষণা করা হয়নি। তবে, ২০ জুলাই কিংবা তার কত দিন আগে ফল প্রকাশ হতে চলেছে, সেই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এনটিএ।
আরও পড়ুন:
প্রশ্নফাঁস কেলেঙ্কারির কারণে নতুন করে নিট ইউজি ২১ জুন নেওয়া হয়েছিল। ওই পরীক্ষার চারদিনের মধ্যে সম্ভাব্য উত্তর সঙ্কেত কিংবা প্রভিশনাল ‘আনসার কি’ প্রকাশ করে এনটিএ। তার ভিত্তিতে ১০ হাজারেরও বেশি আপত্তি জমা পড়েছে। ওই আপত্তির সাপেক্ষে ফাইনাল আনসার কি প্রকাশিত হবে।
উল্লেখ্য, পরীক্ষার্থীদের ওএমআর-এর পাতা স্ক্যান করার কাজ এখনও চলছে। এরই মাঝে উত্তরপত্র চ্যালেঞ্জ করার প্রক্রিয়াটি শুরু করেছে এনটিএ। আয়োজক সংস্থা জানিয়েছিল, স্বচ্ছতার স্বার্থে ওই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এতে পরীক্ষার্থী সব বিষয়ের সম্ভাব্য আনসার কি ভাল ভাবে পর্যালোচনা করে দেখার সুযোগ পাবেন।