Advertisement
E-Paper

‘আগাম মূল্য ৩৫ হাজার টাকা!’ ‘রি-নিট’-এর প্রশ্নপত্র বিক্রি হচ্ছে টেলিগ্রাম-এও! কী বলছে এনটিএ?

এক্স হ্যান্ডলে ওই প্রশ্নপত্র বিক্রির যে সব ছবি প্রকাশ্যে এসেছে, তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে প্রিন্টার থেকে পাতার পর পাতা প্রশ্নপত্র প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। অন্য একটি ছবি টেলিগ্রাম চ্যাটবক্স-এর স্ক্রিনশট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৩:১১
নিট-এ পরের পরীক্ষারও প্রশ্ন ফাঁস! আগাম মূল্য চেয়ে তৈরি হল গ্রুপ।

নিট-এ পরের পরীক্ষারও প্রশ্ন ফাঁস! আগাম মূল্য চেয়ে তৈরি হল গ্রুপ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রশ্নফাঁস কান্ডের পরে নিট-এর যে পুনঃপরীক্ষা (যাকে রি-নিট বলছেন পরীক্ষার্থীরা) হওয়ার ২১ জুন কথা, তারও প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে বুধবার। বৃহস্পতিবার জানা গেল, সেই প্রশ্ন টেলিগ্রাম নামের সমাজমাধ্যমে প্রকাশ্যেই বিক্রি করা হচ্ছে। সেই সমাজমাধ্যমের একাধিক চ্যানেলের লিঙ্ক এবং প্রশ্নপত্র বিক্রির প্রামাণ্য ছবি-সহ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেছিলেন এক নেটাগরিক। নিট ইউজি-র আয়োজক সংস্থা এনটিএ সেই পোস্ট দেখে দ্রুত পদক্ষেপ করার কথাও জানিয়েছে।

এক্স হ্যান্ডলে ওই প্রশ্নপত্র বিক্রির যে সব ছবি প্রকাশ্যে এসেছে, তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে প্রিন্টার থেকে পাতার পর পাতা প্রশ্নপত্র প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। অন্য একটি ছবি টেলিগ্রাম চ্যাটবক্স-এর স্ক্রিনশট। ‘প্রাইভেট মাফিয়া’ নামের একটি গ্রুপে প্রশ্নপত্রের কিছু ছবি দিয়ে লেখা হয়েছে ‘‘৫০০ সদস্য যোগদান করলেই গ্রহণ করা হবে।’’ কী গ্রহণ করা হবে তা স্পষ্ট না বললেও বোঝা যায়— প্রশ্নপত্রের বিনিময় মূল্য বা আগাম মূ্ল্য নেওয়ার কথা বলা হচ্ছে। কারণ তার পরের চ্যাটেই লেখা হয়েছে, ‘‘কাল থেকে আগাম হিসাবে ৩৫ হাজার টাকা করে নেওয়া হবে।’’ আরও একটি স্ক্রিনশট ‘প্রুফ’ নামে একটি টেলিগ্রাম চ্যানেলের। যে ৩ জুন তৈরি হয়েছে। সেখানে প্রশ্নপত্র হাতে থাকার প্রমাণ হিসাবে দেওয়া হয়েছে কিছু প্রশ্নপত্র প্রিন্ট করার ছবি। নীচে লেখা, ‘‘উপরের ছবিতে ৫০০টি লাইক পড়লে ১০টি প্রশ্নের উত্তর গ্রুপেই দিয়ে দেওয়া হবে।’’

এক্স হ্যান্ডলে সেই পোস্ট এবং এনটিএ-র জবাব।

এক্স হ্যান্ডলে সেই পোস্ট এবং এনটিএ-র জবাব। ছবি: এক্স (সাবেক টুইটার)

‘প্রিন্স শ্রীবাস্তব’ নামের এক্স হ্যান্ডেল থেকে ওই সমস্ত ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘তিনটি টেলিগ্রাম চ্যানেল থেকে একজন ব্যক্তিই রি-নিট ২০২৬-এর প্রশ্নপত্র বিক্রির দাবি করছে। এখানে ওই তিন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিলাম, এনটিএ এবং ভারতীয় সাইবার ক্রাইম বিভাগ ব্যবস্থা নিক।’’

চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসনা শুনেছে এনটিএ। সর্বভারতীয় এমন একটি পরীক্ষা যা দেশের ভাবী চিকিৎসক তৈরি করবে, তার প্রশ্নপত্র কী ভাবে বার বার বেহাত হয়, সে ব্যাপারে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। সপ্তাহ খানেক আগেই সুপ্রিম কোর্টের কাছে তিরস্কৃত হয়েছে নিট-এর আয়োজক সংস্থা। আর তার দিন কয়েক পরেই নিট-এর পুনঃপরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ উঠেছে।

টেলিগ্রামে নিট-এর পুনঃপরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় তারা ওই পোস্টের নীচে এনটিএ লিখেছে, গোটাটাই সাইবারক্রাইমকে দেখতে বলা হয়েছে। তার পরে তারাই পদক্ষেপ করবে।

NEET Paper Leak Case NEET UG 2026 Paper Leak Scam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy