২১ জুন আয়োজিত হতে চলেছে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক স্তরে ভর্তি হওয়ার প্রবেশিকা অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট ইউজি)-এর পুনঃপরীক্ষা। বিশেষ ভাবে সক্ষম (পিডব্লুডি এবং পিডব্লুবিডি) পরীক্ষার্থীদের বেশির ভাগ সময়ই প্রয়োজন হয় ‘রাইটার’ বা শ্রুতিলেখকদের। এ বার ন্যাশনাল টেস্টিং এজেন্সি চালু করল ‘রাইটার’-এর জন্য আবেদনের পোর্টাল।
এই পোর্টালের মাধ্যমে প্রার্থীরা তাঁদের পরীক্ষায় সাহায্যকারী ‘রাইটার’-এর প্রয়োজনীয় নথিপত্র ও বিবরণ জমা দিতে পারবেন। নির্দেশিকা অনুযায়ী যে সকল প্রার্থী ‘রাইটার’-এর সুবিধা পাওয়ার যোগ্য, তাঁরা নিট-এর ওয়েবসাইট-এর মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
পুনঃপরীক্ষা শুরু হওয়ার আগেই যাতে যোগ্য প্রার্থীরা প্রয়োজনীয় সব রকম সহায়তা এবং পরীক্ষার বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে যান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে এনটিএ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ জুন, রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত প্রার্থীরা অনলাইনে তাঁদের রাইটারদের তথ্য জমা দিতে পারবেন। শেষ মুহূর্তের প্রযুক্তিগত সমস্যা বা সার্ভার ডাউন এড়াতে পরীক্ষার্থীদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে এনটিএ।
এনটিএ জানিয়েছে, পরীক্ষার নিয়ম ও যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র যে সকল বিশেষ ক্ষমতাসম্পন্ন প্রার্থী রাইটারের সুবিধা পাওয়ার যোগ্য, তাঁদের ড্যাশবোর্ডেই এই ‘রেজিস্টার স্ক্রাইব ডিটেইলস’ অপশনটি দেখা যাবে। রেজিস্ট্রেশন সফল ভাবে সম্পন্ন হলে, রাইটারের বিবরণ স্বয়ংক্রিয় ভাবে প্রার্থীর মূল আবেদনপত্র এবং কনফার্মেশন পেজে যুক্ত হয়ে যাবে।
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে নিটের অফিশিয়াল ওয়েবসাইটে (neet.nta.nic.in) গিয়ে নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।
২) ক্যান্ডিডেট ড্যাশবোর্ড খোলার পর হোমপেজে থাকা ‘রেজিস্টার স্ক্রাইব ডিটেইলস’ অপশনে ক্লিক করতে হবে।
৩) এর পর নির্দিষ্ট রাইটারের ক্যাটাগরি বেছে নিয়ে বাকি প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করতে হবে।
৪) ফাইনাল সাবমিশনের আগে সমস্ত তথ্য ভাল ভাবে যাচাই করে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন প্রক্রিয়া শেষ হলে প্রার্থীরা তাঁদের ড্যাশবোর্ডে থাকা ‘ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম’ সেকশনে গিয়ে এবং জেনারেট হওয়া কনফার্মেশন পেজে এই তথ্য সঠিক ভাবে রেকর্ড হয়েছে কিনা তা দেখে নিতে পারবেন।
হেল্পলাইন নম্বর: যদি কোনও প্রার্থীর এই রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনও সমস্যা হয়, তবে তাঁরা সরাসরি এনটিএ-র হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন। এ জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে এনটিএ-এর ওয়েবসাইটে। এ ছাড়া, প্রার্থীরা নিট-এর নিজস্ব ই-মেল আইডি-তেও সমস্যার কথা জানাতে পারেন।