Advertisement
E-Paper

লোক ভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের, একাধিক পরামর্শ দিলেন আচার্য

উপাচার্যদের কাছ থেকে তাঁদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, প্রাপ্তি-অপ্রাপ্তি, আগামী পরিকল্পনা ও সমস্যা সম্পর্কে জানতে চান আচার্য তথা রাজ্যপাল। তাঁর পরামর্শ, ক্যাম্পাসকে স্বচ্ছ রাখতে হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২০:০২

ছবি: এআই সহায়তায় তৈরি।

পড়ুয়াদের পেশাগত দিককে আরও মজবুত করতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্লেসমেন্ট সেলগুলিকে সক্রিয় করতে হবে, পরামর্শ রাজ্যপাল আরএন রবির। প্রাক্তনী সংসদ এবং বিভিন্ন শিল্প সংস্থার সহযোগিতায় গড়ে তুলতে হবে পেশার এক আদর্শ পরিবেশ। সোমবার লোক ভবনে রাজ্যপাল তথা আচার্য আরএন রবি রাজ্যের প্রায় ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই বার্তা দিয়েছেন বলে খবর। পাশাপাশি, ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর উদ্‌যাপনের জন্য নানা অনুষ্ঠান করার কথাও বলেছেন তিনি। এ দিনের ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারেরাও ছিলেন বলে খবর।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছ থেকে তাঁদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, প্রাপ্তি-অপ্রাপ্তি, আগামী পরিকল্পনা ও সমস্যা সম্পর্কে জানতে চান আচার্য তথা রাজ্যপাল। তাঁর পরামর্শ, ক্যাম্পাসকে স্বচ্ছ রাখতে হবে। পাশাপাশি, ছাত্রছাত্রীদের পড়াশোনার পরে পেশাগত দিকটিকেও সুনিশ্চিত করার কথা ভাবার প্রয়োজন রয়েছে। সে দিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রাক্তনী সংসদগুলিকে সক্রিয় করে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। প্লেসমেন্ট সেলগুলিকেও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন আচার্য।

এক বিশ্ববিদ্যালয়ের কর্তা জানান, আচার্য জানিয়েছেন, ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর উপলক্ষে ক্যাম্পাসে নানা অনুষ্ঠান, সেমিনারের আয়োজন করতে হবে। পশ্চিমবঙ্গ দিবসের মতো নানা অনুষ্ঠান করার কথাও বলেছেন তিনি। ওই কর্তা জানান, রাজ্যপাল বার্তা দিয়েছেন রাজ্য সরকার সর্বতো ভাবে সাহায্য করছেই। তিনিও সব সময়ে উপাচার্যদের সাহায্য করবেন।

প্রধানত বিশ্ববিদ্যালয় কর্মসমিতিতে এবং সিন্ডিকেটে মনোনীত সদস্য না থাকায় বৈঠক করা যাচ্ছিল না বলে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের কর্তারা অভিযোগ করেন। এ দিনের বৈঠকে রাজ্যপাল এ ধরনের কমিটির বৈঠক ডেকে কাজ স্বাভাবিক ভাবে চালানোর কথা বলেছেন বলে দাবি ওই বৈঠকে হাজির থাকা এক আধিকারিকের। বিশ্ববিদ্যালয় যেন নিজেদের পঠন পাঠনের উৎকর্ষকে বজায় রেখে চলতে পারে সেই পরামর্শও দেন তিনি।

Governor of WB R N Ravi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy