পড়াশোনা করতে করতেই কাজ শেখার সুযোগ। প্রশিক্ষণ দেবে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স। ওই প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞান, মেডিসিন, ফার্মাসি শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরতদের এই সুযোগ দেওয়া হবে। তাঁরা ফিজ়িক্যাল সায়েন্সেস এবং বায়োফিজ়িক্যাল সায়েন্সেস-এর বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজ শিখে নিতে পারবেন। তবে, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন পড়ুয়াদের কমপক্ষে ৬০ শতাংশের বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়।
এ ছাড়াও যাঁরা সদ্যই ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, টেকনোলজি শাখা বিভিন্ন বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা ইন্টিগ্রেটেড ব্যাচেলর্স-মাস্টার্স সম্পূর্ণ করেছেন, তাঁরাও উল্লিখিত বিষয় নিয়ে গবেষণামূলক কাজের সুযোগ পাবেন। পড়ুয়াদের প্রশিক্ষণ চলাকালীন ৯,০০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে।
আরও পড়ুন:
পড়ুয়াদের ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। মোট দু’মাস তাঁদের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স-এর বিশেষজ্ঞেরা গবেষণামূলক কাজ শেখানো হবে। আবেদনের জন্য পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তার অনুমোদনপত্র জমা দিতে হবে।
ই-মেল মারফত ওই অনুমোদনপত্রের সঙ্গে একটি ফর্ম পূরণ করে পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২১ মার্চ। বাছাই করা প্রার্থীদের মেধা ও যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে।