Advertisement
E-Paper

কলেজে স্নাতকোত্তর, পৃথক প্রশ্নপত্র তৈরির ভাবনা, ভর্তির ক্ষেত্রেও ভিন্ন পথ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ২৫টি কলেজে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়। এত দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ‘পিজি বোর্ড অফ স্টাডিজ’-এর তরফে স্নাতকোত্তর পরীক্ষার দায়িত্ব নেওয়া হত। প্রশ্নপত্র তৈরির দায়িত্বও তাদের ছিল। কিন্তু সে ক্ষেত্রে পড়ুয়াদের অসুবিধা হত বলে বার বার অভিযোগ জানিয়েছিল বিভিন্ন কলেজ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৮:১৭

— প্রতীকী চিত্র।

যে সব কলেজে স্নাতকোত্তর পড়ানো হয় এ বার থেকে সেখানে কলেজ শিক্ষকেরাই তৈরি করবেন প্রশ্নপত্র। ভর্তি প্রক্রিয়াও পরিচালনা করবে কলেজগুলি। এমনই সিদ্ধান্ত নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ২৫টি কলেজে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়। এত দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ‘পিজি বোর্ড অফ স্টাডিজ’-এর তরফে স্নাতকোত্তর পরীক্ষার দায়িত্ব নেওয়া হত। প্রশ্নপত্র তৈরির দায়িত্বও তাদের ছিল। কিন্তু সে ক্ষেত্রে পড়ুয়াদের অসুবিধা হত বলে বার বার অভিযোগ জানিয়েছিল বিভিন্ন কলেজ। কারণ, ‘বোর্ড অফ স্টাডিজ়’-এর অধিকাংশ সদস্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে যে ভাবে পড়ানো হত, তারই ছাপ পড়ত প্রশ্নপত্রে। সে ক্ষেত্রে কলেজের পড়ুয়ারা সমস্যায় পড়তেন। লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার বলেন, "এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। এই দাবি বহুদিন ধরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে করছিলাম। এ বার সেটা কার্যকর হওয়ায় পড়ুয়াদের সুবিধা হবে।"

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ জানান, এ বার থেকে ওই বোর্ড অফ স্টাডিজ়-এ কলেজের প্রতিনিধিরা থাকবেন এবং কলেজের জন্য সম্পূর্ণ আলাদা প্রশ্নপত্র তাঁরাই তৈরি করবেন। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং কলেজের পাঠ্যক্রম অভিন্ন থাকলেও প্রশ্নপত্র হবে ভিন্ন।

শুধু তা-ই নয়, পরীক্ষা নেওয়া বা খাতা দেখা পুরো বিষয়টাই তাঁদের দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন উপাচার্য। তিনি জানান, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর হবে। এর ফলে পড়ুয়াদের সুবিধা হবে বলেই মত তাঁর।

উপাচার্য আরও জানিয়েছেন, কলেজে ভর্তির বিষয়টিও কলেজের দায়িত্বেই থাকবে। এর ফলে পড়ুয়াদের বাড়তি সুবিধা হবে বলেই মত কলেজের। কারণ এত দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে কেন্দ্রীয় ভাবে ভর্তি হতে গিয়ে সমস্যার পড়তেন পড়ুয়ারা। পছন্দের কলেজ বেছে নেওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার সম্মুখীন হতে হত। এ বার থেকে সরাসরি পছন্দের কলেজেই ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান, ভর্তি কলেজের মাধ্যমে হলেও রেজিস্ট্রেশন করবে বিশ্ববিদ্যালয়। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাড়তি চাপ যেমন কমে গেল, তেমনই বিকেন্দ্রীকরণের ফলে পড়ুয়ারা উপকৃত হবে বলেই মনে হচ্ছে।

Calcutta University Colleges
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy