Advertisement
E-Paper

ট্রাম্প পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর ঘোষণার পরেও বৈঠক নিয়ে ‘চুপ’ ইরান! দ্বিতীয় দফার আলোচনা ঘিরে অনিশ্চয়তা

আগামী বুধবার আমেরিকা-ইরানের প্রাথমিক যুদ্ধবিরতির মেয়াদ ফুরোচ্ছে। এ অবস্থায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, তেহরান কোনও শান্তি সমঝোতায় পৌঁছোতে না পারলে তিনি ইরানের সব সেতু এবং বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০০:২৫
(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই (ডান দিকে)।

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইরানের সঙ্গে আমেরিকার দ্বিতীয় দফার বৈঠক কি আদৌ হবে? শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব ঘিরে ইতিমধ্যে অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধিদল রওনা দিচ্ছে পাকিস্তানের উদ্দেশে। কিন্তু ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সরকারি ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি তেহরান। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলিও নিশ্চিত ভাবে কিছু জানাচ্ছে না। বরং, ইরানের কোনও কোনও সরকারি এবং আধাসরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, এখনই কোনও প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর পরিকল্পনাই নেই তেহরানের।

ইরানের সরকার সমর্থিত সংবাদসংস্থা ‘ফার্স’ জানাচ্ছে, দ্বিতীয় দফার বৈঠকে ইরান যোগ দেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি যেমন নিশ্চিত করা যায়নি, তেমনই যোগ না দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায়নি। তেহরানের বিভিন্ন সরকারি সূত্রকে উদ্ধৃত করে ‘ফার্স’–এও জানাচ্ছে, সম্ভাব্য বৈঠক নিয়ে পরিস্থিতি বিশেষ ইতিবাচক নয়। অপর এক সূত্র তাদের জানিয়েছে, “যত দিন মার্কিন অবরোধ জারি থাকবে, তত দিন ইসলামাবাদে কোনও দ্বিতীয় বৈঠকের কথা ভাববেও না ইরান।” ইরানের সরকার নিয়ন্ত্রিত প্রচারমাধ্যম ‘আইআরআইবি’ জানাচ্ছে, ইরানি আধিকারিকেরা এখনও পর্যন্ত বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।

আরও এক ধাপ এগিয়ে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম ‘তাসনিম’ জানাচ্ছে, বৈঠকের জন্য এই মুহূর্তে কোনও প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা নেই। ‘তাসনিম’-ও এ ক্ষেত্রে ইরানের বন্দরগুলির উপর মার্কিন অবরোধের কথাই উল্লেখ করেছে। বলেছে, ওই অবরোধ জারি থাকলে কোনও আলোচনাই হবে না। তেহরানের সরকার সমর্থিত অপর এক সংবাদমাধ্যম আইআরএনএ-ও জানিয়ে দিয়েছে, দ্বিতীয় দফার বৈঠক প্রত্যাখ্যান করেছে ইরান।

Advertisement

ইরানের অবস্থান ঘিরে যখন এই অনিশ্চয়তা, তখন আমেরিকা ইতিমধ্যে নিজেদের প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর কথা ঘোষণা করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবারই ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য সোমবার ইসলামাবাদে পৌঁছে যাবে আমেরিকার প্রতিনিধিদল। সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, “আমার প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন আলোচনায় বসার জন্য। আগামিকাল (সোমবার) সন্ধ্যায় তাঁরা সেখানে পৌঁছোবেন।” মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভান্স, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা জারেড কুশনার।

গত ১১-১২ এপ্রিল ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা হয়েছিল। প্রায় ২১ ঘণ্টার বৈঠকের পরে কোনও সমাধানসূত্র ছাড়াই তা শেষ হয়েছিল। এ দিকে দু’দেশের মধ্যে দু’সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও ফুরিয়ে আসছে। আগামী বুধবার আমেরিকা-ইরানের প্রাথমিক যুদ্ধবিরতির মেয়াদ ফুরোচ্ছে। এ অবস্থায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, তেহরান কোনও শান্তি সমঝোতায় পৌঁছোতে না পারলে তিনি ইরানের সব সেতু এবং বিদ্যুৎকেন্দ্রকে ধ্বংস করে দেবেন।

শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব আয়োজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে পাকিস্তানও। সে দেশের রাজধানী ইসলামাবাদ এবং আশপাশের এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে রবিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা হয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির। তবে আলোচনার দ্বিতীয় পর্বে তেহরান যোগ দেবে কি না, তা নিয়ে সরকারি ভাবে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি ইরান।

তবে সম্ভাব্য বৈঠকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখছে পাকিস্তানের প্রশাসন। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, বিদেশি প্রতিনিধিদলের জন্য ‘রেড জ়োন’ এবং ‘বর্ধিত রেড জ়োন’ এলাকাগুলিতে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। রাওয়ালপিণ্ডিতে ১০ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার মধ্যরাত থেকে নূর খান বিমানঘাঁটি এবং ইসলামাবাদ বিমানবন্দরের আশপাশের কিছু স্পর্শকাতর এলাকাকে ‘সিল’ করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন সে দেশের কর্তৃপক্ষ।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
সর্বশেষ
৫ ঘণ্টা আগে
US Iran Donald Trump Iran Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy