উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধি করতে এবং মাধ্যমিক পরীক্ষার পর বিজ্ঞান যোগ অবিছিন্ন রাখতে উদ্যোগী হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইনে শুরু হল বুটস্ট্র্র্যাপ।
শনিবার, সংসদ সভাপতি পার্থ কর্মকার জানান, ৪ এপ্রিল থেকে অনলাইনে এই অনুষ্ঠান শুরু হয়েছে। পদার্থবিদ্যা এবং রসায়ন বিষয় নিয়ে আলোচনা চলে। শিক্ষকেরা অনলাইনে সংসদের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ কিছু বিষয়ের উপরে আলোকপাত করেন। মূলত বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য গল্পের ছলে পদার্থবিদ্যা ও রসায়নের পাঠ দেন শিক্ষকেরা।
সংসদ সূত্রে জানানো হয়েছিল, ২০২১-এ উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে মাত্র ৯ শতাংশ বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছিল। বহু স্কুলে বিজ্ঞান শাখার আসন শূন্য থেকে গিয়েছিল। এ জন্য অবশ্য শিক্ষার মানের অবনমন, চাকরির ক্ষেত্রে অন্য বিষয়ের চাহিদা বৃদ্ধি পাওয়াকে দায়ী করছেন অনেকেই। বহু ক্ষেত্রে উচ্চশিক্ষায় পরিকাঠামোর অভাবও দায়ী বলে মনে করা হয়। হাতে গোনা কয়েকটি প্রথম সারির কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যত্র শিক্ষা ও উপযুক্ত গবেষণাগারের অভাব রয়েছে।
সেখান থেকে পরিস্থিতির খানিক উন্নতি ঘটেছে। ২০২৫-এ বিজ্ঞান বিভাগে পড়ুয়া ভর্তির হার ১৪ শতাংশ হয়েছে। সেই ধারাকে অব্যাহত রেখে বিজ্ঞানের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করার লক্ষ্যে এগোতে চাইছে সংসদ।
সভাপতি জানিয়েছেন, মাধ্যমিকের পরে পড়ুয়ারা যেন কোনও ভাবেই বিজ্ঞানের থেকে দূরে চলে যায় তাই গোটা মাস এই অনুষ্ঠান চলবে। সংসদের ইউটিউব চ্যানেলেও এই আলোচনা থেকে যাবে। অনুষ্ঠানের পরেও যেন পড়ুয়ারা এই আলোচনা শুনতে পারে সেই জন্য চ্যানেলেই এটা রেখে দেওয়া হবে। এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে বহু পড়ুয়া যোগ দিয়েছিল বলে জানান পার্থ।
এর পর ১১ এপ্রিল গণিত ও রাশিবিজ্ঞান এবং ১৮ এপ্রিল জীববিদ্যা এবং কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশনের আলোচনা হবে বলে জানান। শিক্ষকেরা অবশ্য এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ ভাবে যদি পড়ুয়াদের সঙ্গে বিজ্ঞানের নিবিড় সম্পর্ক বজায় থাকে সেটা সকলের জন্যই ভাল হবে।