বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ৩১ অক্টোবর 'রাষ্ট্রীয় একতা দিবস' পালনের আর্জি জানিয়েছে। সে দিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে 'রাষ্ট্রীয় একতা দিবস' পালন করতে চায় ইউজিসি।
ইউজিসি কলেজগুলিকে ওই দিন একটি শপথ গ্রহণ অনুষ্ঠানেরও আয়োজন করার কথা বলেছে। ভারতবর্ষের একতা, অখণ্ডতা ও সুরক্ষার মূল্যবোধকে আরও জোরদার ভাবে বলবৎ করার জন্য 'রাষ্ট্রীয় একতা দিবস'-এ এই শপথগ্রহণ অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করে ইউজিসি।
আরও পড়ুন:
ইউজিসির মতে ওই দিন সমস্ত কলেজের শিক্ষার্থীদের শপথ নিতে হবে যে, তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ যে তাঁরা দেশের একতা, অখণ্ডতা ও সুরক্ষাকে বজায় রাখবেন এবং দেশবাসীর মধ্যেও এই বার্তা ছড়িয়ে দেবেন। দেশের একতার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের যে দূরদর্শিতা ও অবদান রয়েছে, তাকে সম্মান জানিয়েও শপথগ্রহণ করতে হবে সব কলেজকে। এ ছাড়া, দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে সুনিশ্চিত করতে সকলেই সমান ভূমিকা পালন করবে, এই বলেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলে ইউজিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠান ছাড়াও ২৫-৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করার জন্যেও আর্জি জানানো হয়েছে কলেজগুলিকে। এই প্রদর্শনী সমস্ত আঞ্চলিক ভাষায় আয়োজন করারও চেষ্টা করা হবে।