সমাজমাধ্যমে অভিযোগ উঠেছিল, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) অন স্ক্রিন সিস্টেম (ওএসএম) পদ্ধতিতে খাতা দেখার আবেদনের ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়েছে। সেই নিয়েই মুখ খুললেন সিবিএসই কর্তৃপক্ষ।
অভিযোগ ছিল, http://cbse.onmarks.co.in এই পোর্টালের মাধ্যমে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার খাতার প্রতিলিপি দেখতে চাওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কিন্তু কোনও ভাবেই পোর্টাল খোলা যাচ্ছে না! সিবিএসই ২৬ মে তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানায়, এই ওয়েবসাইটের মাধ্যমে কোনও রকম আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। এই ওয়েবসাইটকে শুধুমাত্র ‘টেস্টিং সাইট’ বলেই চিহ্নিত করল বোর্ড।
সিবিএসই জানিয়েছে, পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের জন্য যে আসল পোর্টালটি ব্যবহার করা হয়েছিল, তার ইউআরএল সম্পূর্ণ আলাদা ছিল। সেই আসল পোর্টালটি কোনও ভাবেই হ্যাক হয়নি। খাতা দেখার আসল ওয়েবসাইটটি পুরোপুরি সুরক্ষিত রয়েছে, তাতে কোনও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি। পাশাপাশি আরও জানানো হয়েছে, ডামি এই ওয়েবসাইটে অভ্যন্তরীণ পরীক্ষা এবং পর্যালোচনার জন্য শুধুমাত্র কিছু নমুনা বা নকল তথ্য রাখা হয়েছিল। ওই পোর্টালে কোনও পরীক্ষার্থীর আসল মূল্যায়নের তথ্য, নম্বর বা অন্য কোনও গুরুত্বপূর্ণ তথ্য ছিল না।
আরও পড়ুন:
এর আগেও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন সিবিএসই কর্তৃপক্ষ। বোর্ডের তরফে জানানো হয়েছিল সমাজমাধ্যমের ছোট বা বিচ্ছিন্ন কোনও ঘটনাকেও অনেক বড় করে দেখানো হচ্ছে বলে দাবি বোর্ডের। খাতা দেখতে চাওয়া ও পুনর্মূল্যায়ন নিয়ে সমস্ত আপডেট জানতে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সিবিএসই-র সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী, খাতার স্ক্যান কপি পাওয়ার জন্য মোট ৪ লক্ষ ৪ হাজার ৩১৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। মোট ১১ লক্ষ ৩১ হাজার ৯৬১টি খাতা দেখার জন্য অনুরোধ এসেছে (যে হেতু একজন ছাত্র একাধিক বিষয়ের খাতার জন্য আবেদন করতে পারে, তাই খাতার সংখ্যাটি আবেদনের সংখ্যার চেয়ে বেশি)। সিবিএসই বোর্ড ইতিমধ্যেই সফলভাবে ডিজিটালি ৮ লক্ষ ৯৮ হাজার ২১৪টি খাতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যে খাতাগুলি এখনও পড়ুয়াদের পাঠানো বাকি রয়েছে, সেগুলি ২৭ মে-র মধ্যে শিক্ষার্থীদের পাঠিয়ে দেওয়া হবে। খাতার নম্বর পুনর্মূল্যায় এবং ভেরিফিকেশনের জন্য আবেদন করার অফিশিয়াল পোর্টাল ২৯ মে থেকে চালু করা হবে।