রাজ্যে মন্দির, স্কুল, কলেজ-সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে থাকবে না কোনও মদের দোকান। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক সভা সেরে বেরিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু সাংবাদিকদের জানান, রাজ্যে মদের দোকান নিয়ে বিধিনিষেধের কথা।
শুভেন্দু আরও জানান, রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুধবারই। ওই দিন থেকে ফর্ম প্রকাশিত হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। এই নতুন প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে, যা বুধবারই নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বুধবার ইমেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম প্রকাশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পূরণ করতে হবে।’’ মা ক্যান্টিন নিয়েও ঘোষণা করেন তিনি। শুভেন্দু জানান, এ বার থেকে সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে মিলবে মাছ-ভাত। দাম থাকবে সেই ৫ টাকাই। বাকি পাঁচ দিন মিলবে ডিম-ভাত।