Advertisement
E-Paper

খনিজ তেল উত্তোলনের কৌশলই ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়, কী ভাবে শুরু হবে পড়াশোনা?

উচ্চ শিক্ষা ক্ষেত্রে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বেছে নিতে চাইলে প্রথম থেকেই কী ভাবে পড়াশোনা শুরু করতে হবে— রইল তার সুলুকসন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:৫৯

ছবি: এআই সহায়তায় প্রণীত।

দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা যেতে পারে, তার পরিকল্পনা শুরু হয়ে যায়। বিজ্ঞান পড়ুয়াদের মধ্যে অনেকেই ইঞ্জিনিয়ারিং পড়তে চান। এই শাখায় পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

বিষয়টি কী?

আধুনিক মানুষের জীবনের বেশির ভাগটাই নির্ভরশীন মাটির নীচে জমে থাকা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর। সেই তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হয়। এ জন্য ওই প্রাকৃতিক সম্পদের সন্ধান পাওয়া থেকে শুরু করে খনন ও উৎপাদন সংক্রান্ত নানা কৌশলগত জ্ঞান থাকা প্রয়োজন। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিষয়টি থেকে সেই জ্ঞান অর্জনের সুযোগ মেলে।

ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে ওই বিষয়টির মাধ্যমে তেল এবং গ্যাস পরিশোধন সংক্রান্ত বিদ্যাচর্চারও সুযোগ পাবেন পড়ুয়ারা। এ ছাড়াও ফ্লুইড মেকানিক্স, থার্মোডায়নামিক্স, ড্রিলিং টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ফিজ়িক্স-এর খুঁটিনাটিও শেখানো হয় ওই কোর্সের মাধ্যমে। এই বিষয়টি নিয়ে স্নাতক স্তর থেকেই পড়াশোনা করা যেতে পারে। কিন্তু কারা পড়তে পারবেন এই বিষয় নিয়ে?

কোন ডিগ্রি অর্জন করা প্রয়োজন?

উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণেরা এই বিষয় নিয়ে স্নাতকে পড়তে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের গণিত, পদার্থবিদ্যার মতো বিষয় দ্বাদশে থাকতে হবে। এ ছাড়াও পাশ করতে হবে জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন মেন এবং অ্যাডভান্সড পরীক্ষাতেও। তবেই ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) কিংবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) কোর্সে ভর্তি হওয়া যাবে।

কোথায় পড়বেন?

স্নাতকের পড়াশোনার পর স্নাতকোত্তরে ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার অধীনে ওই বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ দেশে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) প্রতিষ্ঠানের মধ্যে ধানবাদ, মাদ্রাজের ক্যাম্পাসে ওই বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারবেন।

এ রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিটেক ইন কেমিক্যাল টেকনোলজি-র অধীনে পেট্রোকেমিক্যালস অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনারি ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ রয়েছে। এ ছাড়াও, রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কাঁকিনাড়া থেকে উল্লিখিত বিষয়টি নিয়ে ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়া যাবে।

চাকরির সুযোগ

দেশের ২০টি তৈল শোধনাগারে নিয়মিত ভাবে তৈল পরিশোধন এবং অন্যান্য কাজের জন্য পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়। সেখানে অপরিশোধিত খনিজ তেল পরিশোধন করে পেট্রল, ডিজেল, কেরোসিন, এলপিজি, ন্যাপথা, বিটুমিন-র মতো পণ্য উৎপাদন করা হয়ে থাকে। এই সব কাজের জন্য প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসাবে বিষয় বিশেষজ্ঞদের চাকরির সুযোগ রয়েছে।

এ ছাড়াও ড্রিলিং, রিসার্ভার ইঞ্জিনিয়ার পদেও ওই বিষয়ে ডিগ্রি প্রাপ্তদের নিয়োগ করা হয়ে থাকে। মূলত তেল ও গ্যাস উত্তোলন সংক্রান্ত কাজগুলি এই পদে নিযুক্তদের করতে হয়। এ ছাড়াও কোন কেন্দ্র থেকে কতটা গ্যাস বা তেল উত্তোলন করা যেতে পারে, ওই কেন্দ্রের পরিবেশ পরিস্থিতির উপর নজরদারির জন্য ওয়েল টেস্টিং ইঞ্জিনিয়ার প্রয়োজন। এই কাজের ক্ষেত্রে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে যথেষ্ট।

কোথায় কাজের সুযোগ?

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়াম, অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থায় ওই বিষয় বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়ে থাকে। এ ছাড়াও বেসরকারি তৈল শোধনাগারেও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের কাজের সুযোগ দেওয়া হয়।

প্রশিক্ষণের অভিজ্ঞতা আবশ্যক

তেল পরিশোধন, উত্তোলন সংক্রান্ত কাজে মূলত যাঁদের নিয়োগ করা হয়ে থাকে, তাঁদের শারীরিক সক্ষমতা প্রয়োজন। পাশাপাশি, তাঁদের বেশ কিছু বিষয়ে সাবধানতাও অবলম্বন করে হয়। এ জন্য আলাদা করে বিভিন্ন তৈল শোধনাগারের তরফে হাতেকলমে কাজ শেখানো হয়ে থাকে। এ ছাড়াও বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের পড়াশোনার সঙ্গেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

Career After HS Academic Qualification job prospect
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy