ছাড়া পেল না জাকিউর রহমান লকভি। অপহরণের অপরাধে মঙ্গলবার তাকে ফের গ্রেফতার করা হল। ইসলামাবাদের স্থানীয় আদালত তাকে দু’দিন আটকের অনুমতি দিয়েছে।
২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী লকভিকে সোমবার ছেড়ে দেওয়ার আদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। ২৬/১১ মুম্বই হামলার মামলায় জামিন পাওয়া সত্ত্বেও বিশেষ অধ্যাদেশ বলে তাকে আটকে রেখেছিল পাক সরকার। এই অধ্যাদেশটি লকভির মৌলিক অধিকার খর্ব করছে বলে এ দিন তা বাতিল করে দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এই রায় ঘোষণার পরই পরে তীব্র প্রতিক্রিয়া জানায় ভারতে। বিদেশ সচিব সুজাতা সিংহ পাক হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে ভারতের অসন্তোষের কথা জানিয়ে দেন। পাকিস্তানে ভারতের রাষ্ট্রদূতও পাক বিদেশমন্ত্রককে ভারতের তীব্র আপত্তির কথা জানান।
এর পরেই নড়েচড়ে বসে পাক সরকার। সোমবার রাতেই ইসলামাদের গোলরা পুলিশ স্টেশনে লকভির বিরুদ্ধে আনোয়ার নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে এফআইআর করা হয়। সেই অপরাধে লকভিকে এ দিন গ্রেফতার করে ইসলামাবাদের স্থানীয় আদালতে তোলা হয়। আদালতে পুলিশ তাকে দু’দিন নিজেদের হেফাজতে রাখার অনুমতি চায়। আদালত সেই অনুমতি মঞ্জুর করে।