রাজ্যের মুখ্যসচিবের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে! শুক্রবার এসআই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করল রাজ্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতকে জানান, বিষয়টি উদ্বেগজনক।
কলকাতার রাসবিহারী এলাকার ভোটার নন্দিনীকে এসআইআর শুনানির নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তাঁর এনুমারেশন ফর্মের কিছু ত্রুটিবিচ্যুতি ছিল। সেগুলো সংশোধনের জন্য গত ডিসেম্বরে মুখ্যসচিবের বাড়িতে গিয়েছিলেন বিএলও, ইআরও এবং এইআরও-রা।
কমিশনের একটি সূত্রে জানা যায়, এনুমারেশন ফর্ম সম্পূর্ণ পূরণ করেননি মুখ্যসচিব। শুক্রবার মুখ্যসচিবের প্রসঙ্গ তুলে আইনজীবী সিব্বল বলেন, ‘‘রাজ্যের মুখ্যসচিবের নোটিস বিচারাধীন। তাঁকেও নিজের পরিচয়পত্র বা যোগ্যতার প্রমাণ দিতে বলা হয়েছে।’’ তিনি প্রশ্ন তোলেন, মুখ্যসচিব কি রাজ্যের বাসিন্দা নন? পরে ওই প্রসঙ্গে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যসচিবের বিষয়ও বিচারাধীন!’’
আরও পড়ুন:
১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী রাজ্যের দ্বিতীয় মহিলা মুখ্যসচিব। এসআইআরের কাজ নিয়ে রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি, সেই প্রশ্ন তুলে সপ্তাহ দুই আগে মুখ্যসচিবকে তলব করেছিল নির্বাচন কমিশন।