সারদা-কাণ্ডে সিবিআই তদন্তে ধৃত সন্ধির অগ্রবালের জামিনের আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে সন্ধির অগ্রবালের আইনজীবীরা এ দিন জামিনের আবেদন জানান। সিবিআইয়ের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। সন্ধিরকে গত ২৩ অগস্ট গ্রেফতার করে সিবিআই। ধৃত ব্যক্তি এখন আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন।
সন্ধিরের আইনজীবীরা আদালতে জানান, সিবিআই সারদা-র আর্থিক দুর্নীতির তদন্ত কবে শেষ করতে পারবে, তা নিশ্চিত নয়। ধৃতের কাছ থেকে সিবিআই এমন কোনও জিনিস বাজেয়াপ্ত করতে পারেনি যা তদন্তে কাজে লাগবে। সিবিআইয়ের তদন্তে অভিযুক্ত সব সময় সহযোগিতা করেছেন। শর্তসাপেক্ষে অভিযুক্তকে জামিন দেওয়া হোক।
সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে জানান, অভিযুক্ত ব্যক্তি এবং সারদা-কাণ্ডে ধৃত দেবব্রত সরকার ওরফে নিতু কেন্দ্রীয় সংস্থা সেবি-র কর্তাদের একাংশের সঙ্গে যোগাযোগ রাখতেন সুদীপ্ত সেনের হয়ে। বৃহত্তর ষড়যন্ত্রে সন্ধির জড়িত বলে সিবিআইয়ের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। দু’পক্ষের সওয়াল শুনে ডিভিশন বেঞ্চ জামিন নাকচ করে দেয়।