Advertisement
E-Paper

Bengal Polls: প্রচারে বেরিয়ে আক্রান্ত ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট, জাতীয় সড়ক অবরোধ

বিজেপির অভিযোগ, প্রচারের সময় কয়েকজন তৃণমূল কর্মী শীতল ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের মারধর করে। লাঠি, বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ২০:২৫
ঘটনাস্থলে মোতায়েন পুলিশ।

ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। নিজস্ব চিত্র।

প্রচারে গিয়ে তৃণমূল সমর্থকদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে ঘাটাল বিধানসভা কেন্দ্রের কোতলপুর এলাকায়। দুই পক্ষে ৫-৬ জন আহত হয়েছে বলে খবর। তাদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। কোতলপুর গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

বৃহস্পতিবার বিকেলে বিজেপি প্রার্থী দলীয় কর্মীদের নিয়ে কোতলপুর গ্রামে বাড়ি বাড়ি ভোট প্রচার করছিলেন। বিজেপির অভিযোগ, প্রচারের সময় কয়েকজন তৃণমূল কর্মী শীতল ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের মারধর করে। লাঠি, বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। বিজেপি-র ঘাটাল সাংগঠনিক জেলা সহ-সভানেত্রী হাসি হালদারকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। তিন বিজেপি কর্মীকে আহত অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার পরে শীতল বলেন, “অনুমতি নিয়েই প্রচারে যাওয়া হয়েছিল। কোতলপুর গ্রামে ঢোকা মাত্র তৃণমূল কর্মীরা ঘিরে ধরে। আমাদের আটকে রাখে ও মারধর করে। লাঠির আঘাতে মাথা ফেটেছে বিজেপি কর্মীর। এমনকি, মহিলা নেত্রীকেও বাদ দেয়নি ওরা।”

‌যদিও ঘাটাল বিধানসভার তৃণমূল প্রার্থী শঙ্কর দলুই বলেন, ‘‘এ ধরনের কোনও ঘটনার সাথে তৃণমূল যুক্ত নয়। বিজেপি পরিকল্পিত ভাবে এই সব করছে। শুনেছি এলাকায় গিয়ে উত্তেজনামূলক কথা বলছিল বিজেপি প্রার্থী। তারই হয়তো প্রতিবাদ করেছেন এলাকার বাসিন্দারা। বরং বিজেপি কর্মীরাই আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। দুজন তৃণমূল কর্মী আহত হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’’

বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় ডেবরা টোল প্লাজা সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা। তার ফলে রাস্তায় দাঁড়িয়ে পড়ে প্রচুর গাড়ি। বেশ কিছুক্ষণ পরে অবরোধ তোলে পুলিশ।

BJP TMC Clash West Bengal Assembly Election 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy