Advertisement
E-Paper

তৃণমূলের পোস্টার ছেঁড়ার ঘটনায় দেগঙ্গায় আটক বিহারের দুই যুবক

তৃণমূলের অভিযোগ, বিজেপি-র হয়ে যাঁরা এ কাজ করছিলেন তাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন। বিহারের পটনা থেকে তাঁদের আনা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ২২:২৩
দেগঙ্গায় পোস্টার ছেঁড়ার ঘটনায় আটক যুবক।

দেগঙ্গায় পোস্টার ছেঁড়ার ঘটনায় আটক যুবক। নিজস্ব চিত্র।

বিজেপি-র পরিবর্তন যাত্রার রথ পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা বাজারের অদূরে আমিনপুর রোড এলাকায়।

দেগঙ্গা দু’নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরূপ বিশ্বাসের অভিযোগ, আজ সকালে তিনি খবর পান কিছু বহিরাগত ছেলে দেগঙ্গা বাজারে এসে বিভিন্ন দেওয়ালে তৃণমূল কর্মীদের সাঁটানো পোস্টার তুলে দিয়ে বিজেপি-র পোস্টার সাঁটছেন। খবর পেয়েই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে আরও একজনকে ধরা হয়।

অরূপের অভিযোগ, বিজেপি-র হয়ে যাঁরা এ কাজ করছিলেন তাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন। বিহারের পটনা থেকে তাঁদের আনা হয়েছে। দৈনিক হাজার টাকা মজুরির বিনিময়ে বিজেপি-র পোস্টার মারার কাজ করছেন বলে আটক ব্যক্তিরা স্বীকার করে নিয়েছেন।

খবর ছড়িয়ে পড়তে দেগঙ্গা বাজারের তীব্র উত্তেজনা তৈরি হয়। এ বিষয় নিয়ে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলার ঘটনায় চলতি মাসেই অশান্তি ছড়িয়েছিল দেগঙ্গায়।

বিজেপি-র স্থানীয় নেতা তরুণকান্তি ঘোষ সোমবারের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘তৃণমূলের পুরনো সভার প্রচারের পোস্টার তুলে সেই জায়গায় আমাদের পোস্টার সাঁটানো হচ্ছিল। এতে অপরাধ কোথায়? যাঁরা পোস্টার মারছিলেন, তাঁর তো আর পাকিস্তান থেকে আসেননি। তাঁরা ভারতেরই বাসিন্দা। তৃণমূলের হাতে পুলিশ আছে বলেই তাঁরা এমন ঘটনা ঘটিয়েছে।’’

BJP TMC Bihar North 24 Parganas Deganga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy