কোনও সংস্থার বিনিয়োগ, ঋণ, ক্ষতির বোঝাপড়ার দায় সামলান রিস্ক ম্যানেজমেন্ট অ্যানালিস্ট। এমনকি শেয়ার বাজার দরের উত্থান-পতন পর্যবেক্ষণের দায়িত্বও থাকে তাঁর। তবে, এই পদে নিযুক্ত হওয়ার জন্য চাই বিশেষ পড়াশোনা। কী বিষয়ে পড়াশোনা করলে, কী ভাবে নিযুক্ত হওয়া যায় এই পেশায়—তা-ই আলোচনা করা হল এই প্রতিবেদনে।
পড়াশোনা
ব্যাচেলর অফ কমার্স, মাস্টার অফ কমার্স, ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং এবং গণিত ও রাশিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে এই পদে নিযুক্ত হওয়া যায়। চার্টাড ফাইন্যানশিয়াল অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্টের কোর্স করলে সহজ ভাবেই এই পদের কাজ আয়ত্ত করতে সুবিধা হয়।
বিশেষ যোগ্যতা
ফিন্যান্স, অ্যাকাউন্টিং, এক্সেল, রিস্ক মডেলিং টুল, ডেটা অ্যানালিসসের কাজ জানতে হয়। স্ট্যাটিস্টিক এবং প্রোবাবিলিটির কাজের অভিজ্ঞতাও থাকা চাই।
চাকরির সুযোগ
মূলত ব্যাঙ্কে এই পদে চাকরির সুযোগ বেশি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো সরকারি ব্যাঙ্কগুলিতে এই পদে নিয়োগ করা হয় কর্মী। এ ছাড়াও বেসরকারি ব্যাঙ্কও সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করে। এলআইসি, পিডব্লুসি-সহ নানা ইনশিয়োরেন্স, এমএনসি সংস্থায়ও নিয়োগ করা হয় রিস্ক ম্যানেজমেন্ট অ্যানালিস্ট পদে।
আরও পড়ুন:
বেতন কত?
একেবারেই উচ্চস্তরের সংশ্লিষ্ট পদে চাকরির সুযোগ তেমন থাকে না। নবীন হিসাবে শুরুতে এই পদে বছরে ৪ থেকে ৬ লক্ষ টাকা বেতন হয়। কয়েক বছরের অভিজ্ঞতার পর ৮ থেকে ১২ লক্ষ টাকা বার্ষিক বেতন হয়। ভাল সংস্থাতে ২০ লক্ষ টাকা পর্যন্তও বেতন হতে পারে।
কী ভাবে চাকরি পাওয়া যায়?
সরকারি পদের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-সহ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রেও তাই নিয়ম।