Advertisement
E-Paper

অফিস যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই মিলে যাবে পারিশ্রমিক! কী ভাবে তৈরি করবেন নিজেকে?

প্রযুক্তি নির্ভর যুগে বাড়ি বসেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ পন্থায় চাকরি শুরু করা যেতে পারে। কোন ক্ষেত্রে কেমন কাজের সুযোগ পাওয়া যায়, কারা পেতে পারেন— রইল তার সুলুকসন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৮:৫৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ক্রমশ বাড়ছে কাজের চাপ। ১০-৫টার চাকরি এখন আর পাওয়া যায় না। উৎসবে-পার্বণে মেলে না ছুটিছাটা। ৯ ঘণ্টা অফিস, তার সঙ্গে যাতায়াতে কমপক্ষে ঘণ্টা দুয়েক মেলালে একঘেয়ে জীবনে পড়ে থাকে ১৩ ঘণ্টা। এর মধ্যে শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম, খাওয়াদাওয়ার সময় বাদ দিলে, নিজের জন্য থাকে না আর কিছুই। অনেক সময়ই অবহেলিত হয় পরিবার।

তাই অনেকেই বেছে নিতে চাইছেন বাড়িতে বসে কাজ। তথ্যপ্রযুক্তির কল্যাণে সে সুবিধা পাওয়া যায় বিভিন্ন পরিসরে। তবে যে কোনও পেশা বেছে নেওয়ার আগে ওই কাজের চাহিদা এবং শিক্ষাগত যোগ্যতা ছাড়াও বিশেষ দক্ষতার বিষয়টি জেনে রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে অনলাইন মাধ্যমে যে সব চাকরি পাওয়া যায়, তাতে কোন যোগ্যতায়, কেমন সুযোগ পেতে পারেন— সেই বিষয়টি জেনে রাখা প্রয়োজন।

ডেটা এন্ট্রি অপারেটর

Advertisement

বাড়িতে বসেই ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে। মূলত কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, তার ডেটাবেস তৈরি করা, রিপোর্ট ফাইল করার মতো কাজ করতে হয় এমন ব্যক্তিদের। এই কাজের জন্য দ্বাদশ উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি-সহ মাতৃভাষায় দ্রুত টাইপ করতে জানতে হবে। তবে, অন্যান্য আঞ্চলিক এবং বিদেশি ভাষায় টাইপ করার দক্ষতা থাকলে আন্তর্জাতিক স্তরের কাজও পাওয়া যেতে পারে।

সোশ্যাল মিডিয়া ম্যানেজার

মোবাইল থেকে ল্যাপটপ— সবেতেই সমাজমাধ্যমের উজ্জ্বল উপস্থিতি। তাতে রোজ লক্ষাধিক প্রোফাইল থেকে ভিডিয়ো, ছবি আপলোড করা হয়। এর মধ্যে কিছু প্রোফাইল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারেরা। এই পদে নিযুক্তেরা সমাজমাধ্যমে কোন ছবি দিতে হবে, কোন ভিডিয়ো কখন আপলোড করতে হবে— নিয়ম মেনে সেই কাজ করে থাকেন। এই কাজটি ঘরে বসেই করার সুযোগ রয়েছে। স্নাতক হওয়ার পর কিংবা পড়াশোনার ফাঁকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে চাকরি পেতে পারেন। এর জন্য সমাজমাধ্যমের খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গুগল লিস্টিং

প্রযুক্তির সাহায্যে কী ভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, তার কৌশল জানা থাকলে ‘গুগল লিস্টিং’-র কাজ করতে পারেন। বাড়িতে থেকেই ওই কাজ করা সম্ভব। সাধারণত, এই কাজের জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও) এবং ওয়েবসাইট ডিজ়াইনিং-এ দক্ষতার প্রয়োজন হয়। এ ছাড়াও বিভিন্ন সার্চ ইঞ্জিন-এর বিজ্ঞাপন বিধি সম্পর্কেও জ্ঞান থাকা দরকার। তবেই, বাড়িতে বসে এই কাজ করে অর্থ উপার্জনের সুযোগ পাওয়া যাবে।

ভার্চুয়াল ইভেন্ট প্ল্যানার

আগে বাড়িতে ছোট থেকে বড় অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকতেন বড়রা। সময় বদলেছে। এখন সেই দায়িত্ব পালন করে পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলি। তাতেই অনুষ্ঠান সূচি তৈরি করা থেকে শুরু স্থান নির্বাচন করা— সবই ঘরে বসে করার সুযোগ রয়েছে। বর্তমানে শুধু ঘরোয়া অনুষ্ঠানই নয়, কর্পোরেট ইভেন্ট, সেমিনার, মিটিং-এর জন্যও দক্ষ প্ল্যানারদের নিয়োগ করা হয়ে থাকে। সদ্যই ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেছেন কিংবা যাঁরা দীর্ঘদিন ইভেন্ট প্ল্যানিং-এর কাজে অভিজ্ঞতা অর্জন করেছেন— সবাই বাড়িতে থেকে এই পদে চাকরি করতে পারবেন।

ভয়েসওভার আর্টিস্ট

ছোটপর্দার বিজ্ঞাপন, প্রিয় চরিত্রের সংলাপ বা মেট্রো রেলের ঘোষণা— সবের নেপথ্যে রয়েছেন কণ্ঠশিল্পীরা। রোজকার জীবনে যাঁদের কণ্ঠস্বর শুনতে অভ্যস্ত সাধারণ মানুষ। এই কাজের জন্য এখন আর স্টুডিয়োতে ছুটতে হয় না। বাড়িতেই সেটআপ তৈরি করে রেকর্ডিং করার সুযোগ রয়েছে। বর্তমানে কণ্ঠশিল্পীরা বিনোদন জগতের পাশাপাশি বহুজাতিক সংস্থা প্রচারমূলক কাজ, সমাজ মাধ্যমের কন্টেন্ট তৈরির জন্য কাজ করে থাকে। তাই সেই সব ক্ষেত্রেও নবীন শিল্পীরা সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে প্রার্থীদের বাচনভঙ্গিতে সৃজনশীলতা এবং শ্রোতাকে মনোযোগ আকর্ষণ করতে পারার দক্ষতা থাকা প্রয়োজন।

তবে, বাড়িতে বসে কাজ করার জন্য ইন্টারনেট পরিষেবা, ডেস্কটপ কিংবা ল্যাপটপ থাকাই যথেষ্ট নয়। অফিসের ডেস্কের বদলে ঘরের চার দেওয়ালের মাঝে কাজ করার জন্য যথাযথ পরিবেশও থাকা চাই। পাশাপাশি, কিছু কাজের ক্ষেত্রে রাতের বেলাও কম্পিউটার খুলে বসতে হতে পারে। তাই গতানুগতিক সময়ের বাইরেও কাজ করার জন্য মানসিক প্রস্তুতি থাকা প্রয়োজন।

Work from home job prospect Data Entry Operator social media manager
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy