Advertisement
E-Paper

অরণ্য সংরক্ষণের দায়িত্ব‌ নিতে হবে পেশাদারিত্বের সঙ্গে! কারা পাবেন আবেদনের সুযোগ?

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস-এর (আইএফএস) অধীনে নিয়োগ পরীক্ষা নিয়ে থাকে। ওই পরীক্ষা দিতে আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৬

— ফাইল চিত্র।

অরণ্য সংরক্ষণ এবং বন্যপ্রাণ রক্ষার জন্য আধিকারিক এবং আমলা নিয়োগ করে কেন্দ্র। তাঁদের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস-এর (আইএফএস) অধীনে চাকরি করতে হয়। এই বিভাগে কাজের সুযোগ পেতে চাইলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) আয়োজিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে উত্তীর্ণ হতে হবে। ২০২৬-এ এই পরীক্ষার প্রিলিমস আয়োজিত হতে চলেছে আগামী ২৪ মে।

কারা আবেদন করতে পারবেন?

২১ থেকে ৩২ বছর বয়সিরা ওই পরীক্ষাটি দিতে পারবেন। তাঁদের গণিত, পদার্থবিদ্যা, রাশিবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূতত্ত্ব, কৃষিবিজ্ঞান কিংবা ফরেস্ট্রি বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকেরাও এই পরীক্ষাটি দিতে পারবেন। অসংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা ছ’বার, ওবিসি তালিকাভুক্ত প্রার্থীরা ন’বার এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীরা ৩৭ বছর বয়স হওয়া পর্যন্ত এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

কী ভাবে পরীক্ষা নেওয়া হয়?

তিন ভাগে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় রিজ়নিং, অ্যাপটিটিউড এবং বিষয় ভিত্তিক প্রশ্ন থাকে। ওই পরীক্ষায় উত্তীর্ণেরা মেন এগ্‌জ়ামিনেশন দেওয়ার সুযোগ পান। এ ক্ষেত্রে দু’টি পত্রে পরীক্ষা নেওয়া হয়। এর পর ইন্টারভিউ বা পার্সোন্যালিটি টেস্ট-এর মাধ্যমে চূড়ান্ত পদের জন্য প্রার্থীদের বাছাই করা হবে।

নিয়োগ প্রক্রিয়া:

প্রাথমিক ভাবে দেশের বিভিন্ন সংরক্ষিত অভয়ারণ্য কিংবা দুর্গম অরণ্যে আধিকারিক হিসাবে নিয়োগ করা হয়। তাই ইন্টারভিউয়ে উত্তীর্ণদের পদে যোগদানের আগে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের বন্যপ্রাণ সংরক্ষণ, টহলদারির সময় বিভিন্ন ধরনের অস্ত্র এবং যন্ত্র ব্যবহারের নিয়ম, দীর্ঘ সময়ের জন্য ট্রেকিং-এর নিয়মাবলি শেখানো হয়ে থাকে। প্রশিক্ষণে উৎকর্ষতার ভিত্তিতে পদ অনুযায়ী আধিকারিকদের নিয়োগ করা হয়ে থাকে।

বেতন:

প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের প্রতি মাসে ৫৬,১০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হয়। পরে পদোন্নতি হলে বেতনক্রম ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এ ছাড়াও বিভিন্ন এলাকায় পরিদর্শনের জন্য আলাদা করে সরকারি গাড়ি ব্যবহারের অনুমোদনও পেয়ে থাকেন আধিকারিকেরা।

কী ভাবে আবেদন করা যাবে?

আগ্রহীরা অনলাইনে ইউপিএসসি-র পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের প্রক্রিয়া চলাকালীন পোর্টালের নির্দিষ্ট বিভাগে গিয়ে সরাসরি ছবি তোলার নিয়ম জারি করেছে কমিশন। পরবর্তীতে ওই ছবির সঙ্গে পরীক্ষার্থীর পরিচয় যাচাই করার জন্য পরীক্ষা কেন্দ্রেও আলাদা করে ছবি তোলা হবে।

তবে, ২০২৬ থেকে আইএফএস আধিকারিক বা আমলারা পদোন্নতির জন্য এই পরীক্ষা দেওয়া সুযোগ পাবেন না। তাঁদের পরীক্ষায় বসতে হলে পদে ইস্তফা দিতে হবে।

Indian Forest Services (IFS) Union Public Service Comission Officer Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy