রাষ্ট্রায়ত্ত টাঁকশালে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মাইনিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ (এসপিএমসিআইএল) তাঁদের কাজ করতে হবে। এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, সুপারভাইজ়ার, এনগ্রেভার, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র হিন্দি টাইপিস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ৯৪টি।
কোন পদে কারা আবেদন করবেন?
- সুপারভাইজ়ার পদে কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে। তবে, ওই পদে উল্লিখিত বিষয়ে যাঁরা ডিপ্লোমা করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
- ভাস্কর্য বিষয়ে ব্যাচেলর অফ ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা এনগ্রেভার পদে কাজের সুযোগ পাবেন। এ ছাড়াও মেটাল ওয়ার্ক বিষয়ে স্নাতকেরাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
- জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র হিন্দি টাইপিস্ট পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদপ্রার্থীদের ইংরেজি এবং হিন্দি ভাষায় দ্রুত টাইপ করার দক্ষতা এবং পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিস্ট পদের ক্ষেত্রে প্রার্থীদের শুধুমাত্র হিন্দি ভাষায় মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকা চাই।
- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে রসায়নে স্নাতকদের নিয়োগ করা হবে। জুনিয়র টেকনিশিয়ান হিসাবে ফিটার, টার্নার, অ্যাটেন্ডেন্ট অপারেটর, কার্পেন্ট্রি, ইলেকট্রিশিয়ান, গোল্ডস্মিথ ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র প্রাপ্তদের আবেদন গ্রহণ করা হবে।
কী ভাবে যোগ্যতা যাচাই?
স্কিল টেস্ট এবং কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
কী ভাবে আবেদন?
ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট-এর ওয়েবসাইট মারফত প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য ২৭ এপ্রিল পর্যন্ত পোর্টাল চালু থাকছে। মে থেকে জুন মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। ফল ঘোষণা জুলাই কিংবা অগস্ট মাসে হতে পারে।