রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এ প্রশিক্ষণের সুযোগ। পারাদ্বীপ তৈল শোধনাগারে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে ৩৪২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ শেখানো হবে। কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ডেটা এন্ট্রি অপারেটর, ফিটার ট্রেডের অধীনে প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণের জন্য দ্বাদশ উত্তীর্ণের বেছে নেওয়া হবে। মেকানিক্যাল ট্রেড প্রার্থীদের ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত ইলেকট্রিশিয়ান ট্রেড-এ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র থাকা বাধ্যতামূলক। তবে ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণেরা কোনও অভিজ্ঞতা না থাকলেও প্রশিক্ষণ পাবেন।
আরও পড়ুন:
এ ছাড়াও যাঁরা মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করেছেন, প্রশিক্ষণের সুযোগ পাবেন তাঁরাও। একই সঙ্গে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে স্নাতকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। উচ্চমাধ্যমিক, স্নাতক বা ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে। এ ছাড়াও প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হবে। তাতে উত্তীর্ণ হওয়ার পর প্রশিক্ষণের সুযোগ মিলবে। প্রশিক্ষণ চলাকালীন সংস্থার নিয়মানুসারে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে ভাতা দেওয়া হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য আগ্রহীদের নির্দিষ্ট পোর্টাল মারফত অনলাইনে অ্যাপ্রেন্টিসশিপের জন্য নাম নথিভুক্ত থাকা দরকার। নাম নথিভুক্তকরণের শংসাপত্র-সহ অন্য আনুষঙ্গিক নথি আবেদনের জন্য অনলাইনে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি। প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ৯-১৩ মার্চের মধ্যে পারাদ্বীপ তৈল শোধনাগারে ডেকে পাঠানো হবে।