আমলারা পদোন্নতির লক্ষ্যে পুনরায় সিভিল সার্ভিস দিতে পারবেন না। পরীক্ষার আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করল ইউপিএসসি।
সিভিল সার্ভিসেস পাশ করার পরে বিভিন্ন বিভাগে আধিকারিক এবং আমলা পদে চাকরির সুযোগ পাওয়া যায়। ওই সমস্ত বিভাগে যোগদানের পরেও আইএএস কিংবা আইএফএস আধিকারিকেরা পদোন্নতির লক্ষ্যে পুনরায় ওই পরীক্ষা দিতে পারতেন।
ইউপিএসসি জানিয়েছে, সেই সুযোগ এ বার থেকে তাঁরা আর পাবেন না। এমনকি এর আগে যাঁরা সিভিল সার্ভিসেস-এর প্রিলিম্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদেরকেও মেন্স পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তবে, তাঁরা যদি পূর্বে নিযুক্ত পদে ইস্তফা দেন এবং তারপর পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে চান— সে ক্ষেত্রে দ্বিতীয় বার সিভিল সার্ভিসেস পরীক্ষা দিতে পারবেন।
আরও পড়ুন:
তবে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস-এর জন্য কমিশন আরও এক বার সুযোগ দিচ্ছে। কোনও প্রার্থী যদি ২০২৬-এর পরীক্ষায় পাশ করার পরে ২০২৭-এ পুনরায় পরীক্ষা দিতে চান, সে ক্ষেত্রে দ্বিতীয় বার সুযোগ পাওয়া যাবে। তবে, এই সুযোগ পাওয়ার জন্য ২০২৬-এ ওই প্রার্থী নিয়োগের পরে প্রশিক্ষণ নিতে পারবেন না।
পরীক্ষা দেওয়ার নিয়মে রদবদলের পাশাপাশি, চলতি বছরের সিভিল সার্ভিসেস-এর জন্য শূন্যপদের সংখ্যাও কমেছে। ২০২৫-এ ১,১০৫টি পদের জন্য নিয়োগ করা হলেও এ বারের তালিকায় ৯৯৩টি পদের উল্লেখ রয়েছে। আবেদনের জন্য ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ইউপিএসসি-র পোর্টাল চালু থাকছে।