Advertisement
E-Paper

লক্ষ লক্ষ টাকার টিকিট! হনী সিংহের অনুষ্ঠানে ধুন্ধুমার, অনুরাগিনীর মুখে ‘অশ্রাব্য’ ভাষা, সমালোচনার ঝড়

শনিবার মুম্বইয়ে তাঁর অনুষ্ঠানে ঘটে গেল নানা ঘটনা। হনীর অনুষ্ঠান চলাকালীন তাঁর এক অনুরাগিনীর ‘কাণ্ড’ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৫:৫৮
হনী সিংহের অনুষ্ঠানে টিকিটের সর্বোচ্চ দাম কত ছিল?

হনী সিংহের অনুষ্ঠানে টিকিটের সর্বোচ্চ দাম কত ছিল? ছবি: সংগৃহীত।

হনী সিংহের অনুষ্ঠান মানেই তাঁর অনুরাগীদের উন্মাদনা। শনিবার মুম্বইয়েও তাঁর অনুষ্ঠানে ঘটে গেল নানা ঘটনা। হনীর অনুষ্ঠান চলাকালীন তাঁর এক অনুরাগিনীর ‘কাণ্ড’ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

মুম্বইয়ের বান্দ্রায় অনুষ্ঠান ছিল হনীর। গায়ক তথা র‌্যাপার এই দিন ‘ডোপ শোপ’, ‘দেশি কলাকার’, ‘ব্লু আইজ়’, ‘ব্রাউন রং’, ‘লুঙ্গি ডান্স’-এর মতো জনপ্রিয় গান গেয়েছেন। গানের সঙ্গে উচ্ছ্বাসে ভাসতে থাকেন শ্রোতাদর্শক। তখনই বিনা টিকিটে হনীর এক অনুরাগিনী অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করতে থাকেন। বন্ধ গেট টপকে ঢোকার চেষ্টা করেন সেই মহিলা। ছুটে যান নিরাপত্তারক্ষীরা। কিন্তু সেই মহিলার দাবি, তিনি এক বার দেখতে চান হনীকে। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দিতে থাকেন। তখন মেজাজ হারান সেই মহিলা। অনবরত নিরাপত্তারক্ষীদের উপর চিৎকার করতে থাকেন এবং গালিগালাজ করতে শুরু করেন। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে জানা যায়, টিকিট ছাড়া অনেকেই নাকি ঢুকে পড়েছিল অনুষ্ঠানে। তারা নাকি বেশ সামনে থেকেই অনুষ্ঠান দেখেছে। অন্য দিকে, টিকিট কেটেও ভিড়ের মধ্যে দূর থেকে অনুষ্ঠান দেখতে হয়েছে অনেককে এমন অভিযোগও উঠেছে। বিশৃঙ্খলার অভিযোগ এনেছেন অনেকেই। কেন এই অব্যবস্থা? এই প্রশ্নও তুলেছেন অনেকেই।

উল্লেখ্য, মুম্বইয়ের অনুষ্ঠানের টিকিটের দাম শুরু হয়েছিল ১৭৯৯ টাকা থেকে। তবে সামনে দাঁড়িয়ে দেখার টিকিটের দাম পৌঁছোয় ২০ হাজার পর্যন্ত। খুব সামনে বসে দেখার ব্যবস্থাও ছিল। বিলাসবহুল টেবিল চেয়ারে বসে দেখার টিকিটের দাম ছিল ১ লক্ষ ৩০ হাজার, ২ লক্ষ ২০ হাজার এবং সর্বোচ্চ দাম ছিল ৩ লক্ষ ১০ হাজার।

পর পর বেশ কয়েকটি শহরে অনুষ্ঠান করার কথা হনী সিংহের। আগামী ৯ মে কলকাতায় তাঁর অনুষ্ঠান রয়েছে।

Honey Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy