Advertisement
E-Paper

Aamir Khan: দাবার নেশায় মত্ত আমির, আগামীতে তিনিই ‘বিশ্বনাথন আনন্দ’?

‘এই একটা চরিত্রের মাধ্যমে বিশ্বনাথনের ভাবনার শরিক হতে পারব’। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ২১:৫৫
বিশ্বনাথন-আমির

বিশ্বনাথন-আমির

ইদানিং দাবার ছক, গুটি ভীষণ টানছে আমির খানকে। সম্প্রতি, করোনা ত্রাণ তহবিল গঠনের জন্য আয়োজিত দাবা খেলায় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের মুখোমুখি বসেছিলেন তিনি। হারজিৎ নিয়ে যদিও বিতর্ক রয়েছে। তবে দাবার চাল দিতে দিতেই তাঁর আগামী ছবির কথা ফাঁস করেছেন মি. পারফেকশনিস্ট। সব ঠিক থাকলে আগামী দিনে বিশ্বনাথন আনন্দের জীবনীমূলক ছবিতে তিনিই মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

অভিনয়ে যত পরিণত হয়েছেন ততই বেছে ছবি করছেন আমির। মহারাষ্ট্রে লকডাউন উঠতেই তিনি ফের ব্যস্ত ‘লাল সিং চাড্ডা’ ছবির শেষ অংশের শ্যুটিংয়ে। তার মধ্যেই আগামী ছবির আগাম ঘোষণা স্বাভাবিক ভাবেই বলিউডের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বনাথন আনন্দের জীবনীমূলক ছবির যৌথ প্রযোজক আনন্দ এল রাইয়ের কালার ইয়েলো প্রোডাকশন এবং মহাবীর জৈনের সানডায়ল এন্টারটেনমেন্ট।

অভিনয়ের মাধ্যমে প্রতিটি চরিত্র হুবহু ফুটিয়ে তোলা আমির খানের নেশা। সেই জন্যেই ত্রাণ তহবিলের জন্য আয়োজিত দাবা খেলায় অংশ নিয়েও তাঁর পাখির চোখ ছিলেন গ্র্যান্ড মাস্টার। পরে একান্ত সাক্ষাৎকারে বলিউড সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই ধরনের চরিত্র করার জন্য মুখিয়ে থাকে তিনি। কারণ, বিশ্বনাথন আনন্দ হওয়া মানে শুধুই দাবা খেলা নয়। তাঁর চিন্তা-ভাবনার শরিক হওয়া। দাবার চাল নিয়ে তিনি কী ভাবেন? প্রতিপক্ষকে কিস্তিমাত করতে কী ধরনের ছক কষেন? সবটাই তিনি জানতে পারবেন। আমিরের দাবি, ‘‘এক ঢিলে ২ পাখি মারতে চলেছি। দেশের এক সম্মানীয় ব্যক্তিত্বের জুতোয় পা গলাতে চলেছি। পাশাপাশি, তাঁর ভাবনার সাক্ষী হতে চলেছি।’’

আমিরের দাবি, এক জন অভিনেতার কাছে এটাই বিরাট পাওনা।

Bollywood biopic Amir Khan Viswanathan Anand Chess Player
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy