১ মে মুক্তি পেয়েছে জুনেইদ খান এবং সাই পল্লবী অভিনীত ছবি ‘এক দিন’। শুক্রবার ছবির প্রদর্শনীতে প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন প্রযোজক আমির খান এবং ছবির সঙ্গে যুক্ত শিল্পীরা। দর্শককে ধন্যবাদ জানান আমির। দর্শকও আমির-পুত্রের অভিনয়ে মুগ্ধ। এরই মধ্যে জুনেইদের এক মহিলা অনুরাগী কী করলেন?
গত কয়েক বছরে জুনেইদেরও মহিলা অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। শুক্রবারেও কলকাতা থেকে এক মহিলা অনুরাগী গিয়েছিলেন জুনেইদের ছবি দেখার জন্য। আমিরের সামনেই ছেলেকে প্রশংসায় ভরালেন অনুরাগী। শুধু তা-ই নয়, অভিযোগও করেছেন তিনি!
জুনেইদের নাটক দেখতেও কলকাতা থেকে মুম্বইয়ে গিয়েছেন সেই অনুরাগী। এ কথা আমির-পুত্রের স্মৃতিতে স্পষ্ট। জুনেইদ বললেন, “আমার মনে আছে, আপনি আমার নাটক দেখতে এসেছিলেন।” প্রিয় নায়কের থেকে এই উত্তর পেয়েই সেই অনুরাগী অভিযোগ করেন, তিনি নাকি জুনেইদকে অনেক বার মেসেজ করেছেন। কিন্তু, কোনও উত্তর পাননি।
এ কথা শুনে লজ্জায় লাল জুনেইদ। ছেলেকে লজ্জা পেতে দেখে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন বাবা আমির। তিনি সেই অনুরাগীকে বলেন, “জুনেইদ তো আমার মেসেজেরই উত্তর দেয় না। আপনাকে কী উত্তর দেবে!” আমিরের কথা শুনে সবাই হেসে ওঠেন। জুনেইদ আরও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন। সবটাই যদিও অবশ্য ঘটেছে মজার ছলে। এই ছবির মাধ্যমেই হিন্দি ছবিতে প্রথম বার দেখা গিয়েছে সাই পল্লবীকে।