Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

প্রায় দেড় বছর আমার হাতে কোনও কাজ ছিল না, বাড়িতে বসেছিলাম, কেঁদেওছি কখনও: শুভাশিস

মাঝে দীর্ঘ দিন ধারাবাহিকে অভিনয় করেননি তিনি। সেই সময়ে বেশি মন দিয়েছিলেন বড়পর্দার কাজে। এমনকি তখন মঞ্চে অভিনয় থেকেও দূরে ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৩:২৫
যাত্রা থেকে আবার বড়পর্দায় ফেরার রাস্তা সহজ ছিল না শুভাশিসের।

যাত্রা থেকে আবার বড়পর্দায় ফেরার রাস্তা সহজ ছিল না শুভাশিসের। ছবি: সংগৃহীত।

তিনি হাসিখুশি। ইন্ডাস্ট্রিতে সবাই তাঁকে ভালমানুষ হিসাবেই চেনে। অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের অভিনয়ে মুগ্ধ অনুরাগীরা। আবার ছোটপর্দায় কাজ শুরু করেছেন অভিনেতা। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে। যেখানে অনেক শিল্পীই ছোটপর্দা থেকে দূরে থাকতে চাইছেন। সেখানে অভিনেতা কেন রাজি হলেন?

মাঝে দীর্ঘ দিন ধারাবাহিকে অভিনয় করেননি তিনি। সেই সময়ে বেশি মন দিয়েছিলেন বড়পর্দার কাজে। এমনকি তখন মঞ্চে অভিনয় থেকেও দূরে ছিলেন। তার পরে যাত্রা করা শুরু করেছিলেন, তখন আর কোনও কাজই করছিলেন না। এর পরে যখন পর্দার অভিনয়ে ফেরার কথা ভাবেন, তখন সুযোগ পেতে বেশ সমস্যার মুখেই পড়তে হয়েছিল।

দু’বছর আগে শেষ তিনি স্নেহাশিস চক্রবর্তীর ‘মুকুট’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তার পরে আবার কিছু দিনের বিরতি ছিল। এখন তিনি নতুন ধারাবাহিকের কাজে মন দিয়েছেন। অভিনেতা বললেন, “যাত্রা থেকে যখন আবার পর্দার অভিনয়ে ফেরার কথা ভাবি, তখন দেখি অনেকটাই এগিয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি। আরও নতুন শিল্পীরা কাজ শুরু করেছেন। ফলে তখন প্রায় এক-দেড় বছর আমার হাতে কোনও কাজ ছিল না।” প্রতিকূল পরিস্থিতিতে পড়েও কখনও অবসাদগ্রস্ত হননি অভিনেতা। সবসময়ে স্ত্রীকে পাশে পেয়েছেন।

শুভাশিস যোগ করেন, “স্ত্রী পাশে না থাকলে কিছুই করতে পারতাম না। তবে স্নেহাশিসকে সত্যিই ধন্যবাদ। ওর জন্যই আমি আবার ছোটপর্দায় ফিরতে পেরেছিলাম। দেড় বছর কোনও কাজ ছিল না। বাড়িতে বসে কেঁদেওছি। তবে কখনও নেতিবাচকতা মাথায় প্রভাব বিস্তার করেনি। স্নেহাশিসই আমাকে এসে বলেছিল, ‘তুমি বাড়িতে কী করছ? আমার ধারাবাহিকে অভিনয় করবে?’ সেই আবার ছোটপর্দায় কাজ শুরু।” তার পরে বিভিন্ন মাধ্যমে কাজ চলছে তাঁর। নতুন ধারাবাহিকে বাঙাল-ঘটির সংঘাত আর পুত্রবধূর সঙ্গে টক-মিষ্টি সমীকরণ। চিত্রনাট্য ভাল লেগেছে, তাই এই নতুন ধারাবাহিকে কাজ শুরু করেছেন তিনি।

Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy