দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০০৬ সাল থেকে একাধিক পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। কিন্তু পরিচিতি পেতে শুরু করেন ২০১৮ সালের ‘স্ত্রী’ ছবি থেকে। ২০২০ সালে অনুষ্কা শর্মা প্রযোজিত ওটিটি সিরিজ় ‘পাতাললোক’-এর ‘হাতোড়া ত্যাগী’ চরিত্রটি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। ২০২৪ সালে একই সঙ্গে মুক্তি পায় তাঁর দু’টি ছবি— ‘স্ত্রী ২’ এবং ‘বেদা’। ইতিমধ্যে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সেকশন ৮৪’ ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু, প্রথম সাক্ষাতে নাকি তাঁর উপরে রেগে গিয়েছিলেন অমিতাভ!
আরও পড়ুন:
অমিতাভের সঙ্গে প্রথম বার আলাপের সময় হাত পা কাঁপছিল অভিষেকের। অগ্রজের সঙ্গে দেখা হতে, প্রথমেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে উদ্যত হন অভিষেক। তাতেই নাকি রেগে যান অমিতাভ। অভিষেকের কথায়, ‘‘স্বভাববশত ওঁর পায়ে হাত দিয়েছিলাম। কিন্তু, তিনি আমার উপর বেশ বিরক্ত হলেন। সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘তুমি কী করছ? কেন এমন করছ?’ আমি খানিক হতভম্ব হয়ে গিয়েছিলাম। কারণ, যে কোনও ভারতীয় পরিবারে বড়দের পা ছুঁয়ে প্রণাম করার শিক্ষা দেওয়া হয়। কিন্তু, পরে আমি বিষয়টি বুঝতে পারি। ছবিটির পরিচালক ঋভু দাশগুপ্ত আমাকে জানান যে, অমিতাভ স্যর একেবারেই পা ছুঁয়ে প্রণাম করা পছন্দ করেন না। কারণ, তিনি মনে করেন যে, পা ছুঁয়ে প্রণাম করলে তিনি আর সহ-অভিনেতা থাকেন না। কাজ করার আগেই তাঁকে যেন ঈশ্বরের আসনে বসিয়ে দেওয়া হচ্ছে।’’
অমিতাভের সঙ্গে অভিষেকের সাক্ষাৎ।
অভিষেক জানান, অমিতাভের চোখে বড়-ছোটর বিভাজন নেই। তিনি নিজেকে বয়সে বড় অভিনেতা হিসাবে নয়, বরং সহ-অভিনেতা হিসাবে দেখতে চান। অভিষেক জানান, তিনি অমিতাভের মতো পেশাদার কারও সঙ্গে আগে কাজ করেননি।