Advertisement
E-Paper

‘বড় পরিচালকেরাই ছবি হিট করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন’, ছোটপর্দায় ফেরা প্রসঙ্গে কী বললেন আদৃত?

বড়পর্দার মাধ্যমেই অভিনয়জীবনের শুরু আদৃতের। ‘নূর জাহান’ তাঁর প্রথম ছবি। তার পরে ছোটপর্দার নায়ক হিসাবেও বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ২০:৫০
টলিপাড়ার অন্দরের রেষারেষি প্রসঙ্গে কী বললেন আদৃত?

টলিপাড়ার অন্দরের রেষারেষি প্রসঙ্গে কী বললেন আদৃত? ছবি: সংগৃহীত।

‘মিত্তির বাড়ি’ শেষ হয়েছে কয়েক মাস হয়ে গেল। ইন্ডাস্ট্রির অন্দরের জল্পনা শীঘ্রই নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা আদৃত রায়কে। এর মধ্যেই অভিনেতার নতুন ছবিতে কাজের কথা সবাই জেনে গিয়েছেন। ‘ফিরে এসো অনুরাধা’ ছবিতে দেখা যাবে তাঁকে। বর্তমানে বাংলা ছবির প্রেক্ষাগৃহ পাওয়া-না পাওয়া বা প্রযোজক-ফেডারেশন-পরিচালকের মধ্যে তরজার মাঝে আদৃত ছবিতে সই করেন কী ভেবে? নাকি এত কিছু ভাবেনই না?

আদৃত বললেন, “ভাবি, অবশ্যই ভাবি। অনেক সময় এমন কিছু প্রস্তাব আসে, যা শুনে বুঝতে পারি বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের পরিকাঠামোয় ওই ছবি তৈরি খুবই কঠিন। আমি সবসময় ভাল কাজকেই গুরুত্ব দিয়েছি। সেটা না হলে তো প্রতি তিন মাস অন্তর একটা করে কাজ করতাম।”

বড়পর্দার মাধ্যমেই অভিনয়জীবনের শুরু আদৃতের। ‘নূর জাহান’ তাঁর প্রথম ছবি। তার পরে ছোটপর্দার নায়ক হিসাবেও বিপুল জনপ্রিয়তা পেয়েছেন আদৃত। এ বার নতুন ছবিতে নীল ভট্টাচার্য এবং জন ভট্টাচার্যের সঙ্গে দেখা যাবে আদৃতকে। বলা যেতে পারে ছোটপর্দার তিন নায়ক একসঙ্গে।

সমাজমাধ্যমে বাংলা ছবির অভিনেতা থেকে প্রযোজক, পরিচালকদের যা রেষারেষি দেখা যায়। সেখানে তিন নায়কের একসঙ্গে কাজ করা নিয়ে কী উত্তর আদৃতের? অভিনেতা যোগ করেন, “চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। আমার যদি কোনও চিত্রনাট্য পড়ে ভাল লাগে, তা হলে ক’জন নায়ক আছেন, কে পরিচালক, কে প্রযোজক—বাকি কিছুই আর ভাবনা-চিন্তায় থাকে না। আর এখানে তেমন ‘ব্র্যান্ড’ কী আছে? যে প্রযোজকেরা নিজেদের ‘ব্র্যান্ড’ বলে মনে করেন, তাঁরা স্বপ্নের দুনিয়ায় রয়েছেন। সবচেয়ে বড় পরিচালকেরাই একটা হিট দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। মার্সিডিজ় গাড়ি থেকে নামাটা গুরুত্বপূর্ণ নয়। দেখতে হবে কে ভালবাসার জন্য সিনেমা তৈরি করছেন। আর কে মাসিক কিস্তি দেওয়ার জন্য ছবি বানাচ্ছেন।”

আদৃত মাসিক কিস্তি দেওয়ার জন্য কাজ করতে রাজি নন। কিন্তু এ ক্ষেত্রে কি কোনও অর্থনৈতিক চাপের মুখে পড়তে হয় না তাঁকে? নায়ক যোগ করেন, “আমি ভালবাসা থেকে কাজ করি। সেই ভাবনাই দেখি পরিচালকের মধ্যে। আর অর্থনৈতিক দিক থেকে চাপমুক্ত থাকার জন্য আমাকে ছোটপর্দা অনেক পারিশ্রমিক দেয়। বর্তমানে যে পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, সবাই সবাইকে মারতে উদ্যত। এখন তো পরস্পরের পাশে থাকা প্রয়োজন। তাই আমি কোনও রেষারেষিতেই নেই।”

এই মুহূর্তে অভিনেতার হাতে বেশ কিছু কাজ রয়েছে। তার পরেই আবার ছোটপর্দার কাজ শুরু করবেন অভিনেতা। কথাবার্তা হয়ে আছে অনেক দিনই। তবে তা নিয়ে এখনই সবটা খোলসা করতে রাজি নন আদৃত।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy