Advertisement
E-Paper

‘কারও যেন কোনও আগ্রহ নেই’, কান চলচ্চিত্র উৎসবে গিয়ে কোন অস্বস্তিতে পড়তে হল আলিয়াকে?

কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার তৃতীয় বছর। এ বার লাল গালিচায় অপ্রস্তুত হলেন আলিয়া? ছড়িয়ে প়ড়েছে সেই ভিডিয়ো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৮:১০
কানের লাল গালিচায় আলিয়া ভট্ট।

কানের লাল গালিচায় আলিয়া ভট্ট। ছবি: রয়টার্স।

ফ্যাশনের দেশ ফ্রান্স। সেই ফ্রান্সের কান শহরে প্রতি বছরের মতো এ বারেও বসেছে চলচ্চিত্র উৎসবের আসর। আপাতত আগামী দিন দশেকের জন্য সেখানকার লাল গালিচাতেই নজর থাকবে গোটা ফ্যাশন দুনিয়ার। কারণ, কানের লাল গালিচার খ্যাতি স্টাইল আর ফ্যাশনের ‘প্রদর্শনী’র জন্যই। বিভিন্ন দেশের সিনেমা জগতের তারকারা সেখানে যান তাঁদের সেরা সাজগোজে। এর আগে ঐশ্বর্যা রাই, প্রিয়ঙ্কা চোপড়া-সহ অনেক ভারতীয় তারকাকেই দেখা গিয়েছে সেই লাল গালিচায়। গত দু’বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া ভট্ট। এটা আলিয়ার তৃতীয় বছর। এ বার লাল গালিচায় কি অপ্রস্তুত হলেন আলিয়া? ছড়িয়ে প়ড়েছে সেই ভিডিয়ো। (যদিও আনন্দবাজার ডট কম এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।)

কান চলচ্চিত্র উৎসবে একটি প্রসাধনী সংস্থার প্রচার দূত হিসাবে সেখানে গিয়েছিলেন আলিয়া। তবে ওই উৎসবে ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। বহু বছর ধরে তিনি ওই নির্দিষ্ট প্রসাধনী সংস্থার হয়ে সেখানে যান। যদিও এ বছর এখনও দেখা মেলেনি তাঁর। আলিয়া অবশ্য উৎসব শুরুর এক দিন আগেই পৌঁছে যান কান শহরে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, গত দু’বার অনুষ্ঠানের দিন পৌঁছোনোয় বেশ হুড়োহুড়ি পড়ে যায়। এ বার যেন খানিকটা আরাম করেই সবটা করতে চেয়েছিলেন।

প্রথম দিন নানা রঙের একটি গাউন পরেন আলিয়া। দ্বিতীয় দিন, পিচ রঙা বডি কন গাউন পরে লাল লালিচায় হাঁটছেন। বার বার হাত নাড়তে থাকেন আলোকচিত্রীদের উদ্দেশে। কিন্তু কেউই যেন আলিয়ার ছবি তুলছেন না। বার কয়েক বার হাত নেড়েছেন, তার পর এক আধিকারিক এসে তাঁকে উপরের সিঁড়িতে নিয়ে যান। আলিয়ার এই ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। নেটাগরিকদের একাংশ লিখেছেন, ‘‘এক জনও ওঁর ছবি তুলছেন না।’’ কারও মতে, বলিউড তারকারা নিজেদের হয়তো আর্ন্তজাতিক তারকা মনে করেন। যদিও বাস্তবে চিত্রটা সম্পূর্ণ অন্য। আলিয়া অবশ্য এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Alia Bhatt Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy