Advertisement
E-Paper

মায়ের হাতের পায়েস, স্ত্রীর দেওয়া বিশেষ চিঠি, বিয়ের পরের প্রথম জন্মদিন কেমন কাটছে অনুজয়ের?

৩১ জানুয়ারি চুপিসারে বিয়ে করেছেন অভিনেতা। কোনও কিছু নিয়ে আড়ম্বর পছন্দ নয় তাঁর। তাই বিয়েটাও খুব ছিমছাম ভাবে সেরেছেন। এ বার জন্মদিনের কী পরিকল্পনা অভিনেতার?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৫
জন্মদিনের কোন পরিকল্পনা ভাগ করে নিলেন অনুজয়?

জন্মদিনের কোন পরিকল্পনা ভাগ করে নিলেন অনুজয়? ছবি: সংগৃহীত।

বৈদ্যবাটির ছেলে অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই পাকাপাকি ভাবে কলকাতায় থাকতে শুরু করেন তিনি। কিন্তু বছরে একটা দিন বাড়িতে না এলে কোনও ভাবেই চলে না অভিনেতার। ৩ ফেব্রুয়ারি অনুজয়ের জন্মদিন। এই দিনে মায়ের হাতের রান্না ছাড়া অসম্পূর্ণ তাঁর কাছে। তবে এই বছরে নাকি তাঁর মা ফাঁকি দিয়েছেন, কেন এ কথা বললেন অভিনেতা?

৩১ জানুয়ারি চুপিসারে বিয়ে করেছেন অভিনেতা। কোনও কিছু নিয়ে আড়ম্বর পছন্দ নয় তাঁর। তাই বিয়েটাও খুব ছিমছাম ভাবে সেরেছেন। পরিবারের কিছু জন আর গুটিকয়েক বন্ধুর উপস্থিতিতে প্রেমিকা দেবারতি চক্রবর্তীর সিঁথিতে সিঁদুর দেন অভিনেতা। এই বছরের জন্মদিনটা আরও অন্যরকম। অনুজয় বললেন, “প্রতি বছরেই জন্মদিনে বৈদ্যবাটিতে নিজের বাড়িতে যাই। ছোটবেলায় কোলেপিঠে করে আমাকে যাঁরা মানুষ করেছেন, সবাই মিলে আজ খাওয়া-দাওয়া করব।”

বিয়ের পরে ঘরোয়া আয়োজন, তাই এই অনুষ্ঠানকে ‘রিসেপশন’ বা এই ধরনের কোনও নাম দিতে চান না। তাই এই বছরের জন্মদিনে অনুজয়ের জন্য শুধু পায়েস রান্না করেছেন তাঁর মা। অভিনেতা বললেন, “কেক কাটতে আমার খুব অস্বস্তি হয়। তবে পায়েস খেতে খুব ভালবাসি। আজ তো আমার ভাই-বোনেরা কেক নিয়ে এসেছে। সেটা কাটতে হবে ভেবেই চিন্তা হচ্ছে।” আর স্ত্রীর থেকে কী উপহার পেলেন অনুজয়? অভিনেতা জানিয়েছেন, বিশেষ দিনে বৌয়ের হাতে লেখা একটা চিঠি পেয়েছেন। যা খুবই ব্যক্তিগত। তবে তাঁর আশা, কলকাতায় ফিরে আরও কিছু উপহার পাবেন দেবারতির থেকে।

সম্প্রতি, তাঁকে ‘কালরাত্রি ২’ সিরিজ়ে দেখেছেন অনুরাগীরা। আগামী দিনেও অন্য সিরিজ়ে অভিনয়ের কথা রয়েছে তাঁর। আপাতত কয়েক দিনের জন্য ছুটি। তার পরেই কলকাতায় ফিরবেন অভিনেতা।

Bengali Serial cinema
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy