Advertisement
E-Paper

বৃষ্টির বিকেলে চায়ের সঙ্গে চপ-পকোড়া খেয়েও অম্বল হবে না, যদি কয়েকটি নিয়ম মেনে বানান, রইল প্রণালীও

ঝমঝমিয়ে বৃষ্টি। এমন বাদলায় গরম চা বা কফির সঙ্গে মুচমুচে পকোড়া বা চপ খেতেই মন চায়। কিন্তু গ্যাস-অম্বলের কথা ভেবে পিছিয়ে আসেন। ভাজাভুজি যদি খেতেই হয়, তা হলে তা বানাতে হবে স্বাস্থ্যকর উপায়ে। তেমনই কিছু প্রণালী রইল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৭:১৫
How to Make Healthy and Low-Calorie snacks At Home for rainy days

চপ-পকোড়া খেয়েও অম্বল হবে না, কী ভাবে বানাতে হবে? ছবি: ফ্রিপিক।

বর্ষার বিকেলে এক কাপ গরম চা বা কফির সঙ্গে চপ বা মুচমুচে পকোড়া খাওয়ার মজাই আলাদা। বাদলা দিনে বাঙালির রসনাতৃপ্তি চপ-শিঙাড়াতেই হয়। তবে মুশকিল হল, ইদানীং প্রায় সকলেই স্বাস্থ্যসচেতন। দোকানের পোড়া তেলে ভাজা চপ বা পকোড়ায় খুব একটা ভরসা করেন না। আবার নিত্যদিন যাঁরা গ্যাস-অম্বলে ভোগেন, তাঁরা তো চপ দেখলেই চমকে ওঠেন। তা হলে উপায়? চায়ের সঙ্গে যদি মুচমুচে ‘টা’ খেতে ইচ্ছে হয়, তা হলে বানাতে হবে স্বাস্থ্যকর উপায়ে।

চপ কী ভাবে ভাজলে অম্বল হবে না?

১) বেসন এড়িয়ে চলুন। চপ বা পকোড়াতে বেসনের বদলে চালের গুঁড়ো, ওট্‌স বা সুজি ব্যবহার করতে পারেন।

২) যে কোনও ভাজা খাবার তৈরির সময়ে ব্যাটারে সামান্য জোয়ান বা হিং মেশালে তা গ্যাস-অম্বল হতে দেয় না।

৩) সসের বদলে পুদিনাপাতা, ধনেপাতা, লেবুর রস ও বিটনুন দিয়ে চাটনি বানিয়ে নিন। এমন চাটনি হজমে সাহায্য করবে।

চপ-পকোড়া স্বাস্থ্যকর উপায়ে বানালে অম্বলের ভয় থাকবে না।

চপ-পকোড়া স্বাস্থ্যকর উপায়ে বানালে অম্বলের ভয় থাকবে না।

স্বাস্থ্যকর রেসিপি

ওট্‌স-সুজির ভেজিটেবল চপ

এক কাপের মতো ওট্‌স, আধ কাপ সুজি সামান্য জল দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এ বার জল ঝরিয়ে নিয়ে তাতে ছোট ছোট টুকরো করে কাটা সেদ্ধ আলু, গাজর, ক্যাপশিকাম দিয়ে ভাল করে চটকে নিন। মেশান আদা-লঙ্কা বাটা, নুন, গোলমরিচ এবং জোয়ান। ছোট ছোট চ্যাপ্টা চপের মতো গড়ে নিয়ে নন-স্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে এ পিঠ-ও পিঠ লালচে করে সেঁকে নিন। ২০০ ডিগ্রি সেলসিয়াসে এয়ার ফ্রাই করতে পারেন ১০-১২ মিনিট।

মুগ ডাল ও পালংশাকের পকোড়া

ছোলার ডাল বা বেসনের বদলে মুগ ডাল ব্যবহার করলে অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না। এক কাপের মতো মুগ ডাল ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। তার পর সামান্য নুন ও আদা দিয়ে বেটে নিন। বাটা মুগ ডালের সঙ্গে এক কাপের মতো কুচোনো পালংশাক, ১ চামচ আদা ও মৌরিবাটা, এক চিমটে হিং, কাঁচালঙ্কা ও ধনেপাতাকুচি দিয়ে মেখে ছোট ছোট পকোড়ার মতো গড়ে নিন। এয়ার ফ্রায়ারে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০-১৫ মিনিট বেক করে নিন।

চপ বানানোর সময়ে কী কী নিয়ম মানলে স্বাদও হবে, স্বাস্থ্যও বজায় থাকবে।

চপ বানানোর সময়ে কী কী নিয়ম মানলে স্বাদও হবে, স্বাস্থ্যও বজায় থাকবে।

বেক্‌ড এগ-কর্ন স্ন্যাক্স

প্রথমে দু’টি ডিম ভাল করে ফেটিয়ে নিন। বেকিং পাত্র থাকলে ভাল, না হলে একটি ট্রে-তে সামান্য মাখন মাখিয়ে নিন। ডিমের সঙ্গে ভুট্টার দানা, নুন, কাঁচালঙ্কাকুচি, পেঁয়াজকুচি, গোলমরিচগুঁড়ো, স্প্রিং অনিয়ন মেশান। পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং কুরিয়ে রাখা চিজ় দিয়ে দিন। অভেন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে রাখুন। পাত্রটি ওভেনে ১০-১২ মিনিট বেক করুন। ডিম জমে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

কাঁচকলা-গোলমরিচের চপ

আলুর চপ খেলে অনেকেরই অম্বল হয়। আলুর বদলে কাঁচকলা খেতে পারেন। ২টি সেদ্ধ কাঁচকলার সঙ্গে ১টি সেদ্ধ করা রাঙাআলু চটকে মেখে নিন। এতে জিরেগুঁড়ো, আদাবাটা, ধনেপাতা, নুন এবং গোলমরিচগুঁড়ো মিশিয়ে চপের আকার দিন। নন-স্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে লালচে করে ভেজে নিন।

Healthy Snacks Monsoon Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy