মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বাবিল খান। ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কাঁদতে কাঁদতে বলিউডের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তার পরে দীর্ঘ বিরতি। অবশেষে ফের কাজে ফিরছেন তিনি। বাবিলের জন্য উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগীরা। অবশেষে তাঁদের আশ্বস্ত করলেন ইরফান-পুত্র।
আসন্ন ছবির শুটিংয়ের মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন বাবিল। সেখানে তিনি লিখেছেন, “দ্বিতীয় দিনের শুটিং শুরু করলাম। আজ আমি একটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই, আমি আপনাদের সবাইকে খুব ভালবাসি।” অনুরাগীদের উদ্দেশে তিনি আরও লেখেন, “আপনাদের ভালবাসা আমার কাছে কী, সেটা আমি আপনাদের সবাইকে বোঝাতে চাই। আমি কঠোর পরিশ্রম করছি, যাতে আমার কাজ দেখে আপনাদের ভাল লাগে। আশা করছি, খুব শীঘ্রই পর্দার সামনে আপনাদের সঙ্গে দেখা হবে।”
বাবিলের এই পোস্ট দেখে নিশ্চিন্ত তাঁর অনুরাগীরা। নিজের একটি হাসিমুখের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।
ঠিক এক বছর আগে বাবিলের পোস্ট দেখে তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়েছিলেন অনেকেই। বলিউডের মতো খারাপ জায়গা আর কোথাও নেই। কাঁদতে কাঁদতে এমনই মন্তব্য করেছিলেন বাবিল খান। অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, অর্জুন কপূর থেকে শুরু করে অরিজিৎ সিংহের নাম পর্যন্ত উল্লেখ করেছিলেন ইরফান-পুত্র। এই ভিডিয়ো পোস্ট করেই ইনস্টাগ্রাম থেকে বিদায় নেন তিনি। উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। কিছু ক্ষণের মধ্যেই বাবিলের সহকারী দলের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়।
সেই বিবৃতি সমাজমাধ্যমে ভাগ করে নেন বাবিলের মা সুতপা সিকদার। সেখানে বলা হয়, ভুল বোঝাবুঝি হচ্ছে। কারণ, বাবিল যাঁদের নাম উল্লেখ করেছেন, তাঁরা সব সময়ে পাশে থেকেছেন। বলিউডের মধ্যে এঁদের পাশে পেয়েছেন, এই বার্তাই দিতে চেয়েছিলেন বাবিল। দাবি করা হয় সেই পোস্টে।