প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে যে ইদানীং পর্দায় খুব বেশি দেখা যায়, তেমন নয়। বেশ অনেক দিন পরে শুটিং ফ্লোরে ফিরলেন অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা যদিও খুব একটা ভাল নয়। তবে ‘অ্যাকশন’ শুনলেই বার্ধক্য, পায়ের ব্যথা, অসুস্থতা, সব ছুমন্তর হয়ে যায় অভিনেতার। এখনও ছবির কাজ করেন কি শুধুই ভালবাসা থেকে?
অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু বছরের সম্পর্ক বিপ্লবের। সেই বন্ধুত্বের নিরিখেই নতুন কাজের যাত্রা শুরু। আনন্দবাজার ডট কম-কে বিপ্লব বললেন, “শরীর ভাল নেই। পায়ে ব্যথা। কিন্তু তা-ও সবাই আমার সঙ্গে যোগাযোগ করেন। অগ্নিদেবের পরিবারের সঙ্গেও বহু বছরের সম্পর্ক। আসলে কারও সঙ্গে তো আমার খারাপ সম্পর্ক নয়।”
আরও পড়ুন:
তবে শুধু ভালবাসার জন্য নয়, অর্থের জন্যও শুটিং ফ্লোরে ফেরার তাড়না অনুভব করেছেন বিপ্লব। বহু বছরের অভিনয়জীবন তাঁর। কিন্তু তাঁর মতে, এত বছরে এত রোজগার করেননি যে, এখন কাজ না করলেও দিন কেটে যাবে। অভিনেতা যোগ করলেন, “আমরা যে সময়ে কাজ করতাম, তখন এত রোজগার হত না। খুব বেশি পারিশ্রমিক পেতাম না যে, এখনও না কাজ করে চলে যাবে। আর তা ছাড়া আমি তো নেতাদের মতো চুরি করিনি। তাই অর্থের জন্য আমাকে কাজ করতে হয়। অন্তত নিজের জন্য তো দরকারই।”
তা হলে আগামী দিনে কি আরও বেশি করে বড়পর্দায় দেখা যাবে তাঁকে? প্রবীণ অভিনেতার কথায়, “কাজের জন্য ভিক্ষা চাইতে পারব না। যদি কেউ যোগাযোগ করেন, অবশ্যই কাজ করতে রাজি।” অগ্নিদেবের ‘চোর’ ছবিতে দুষ্টু নেতার চরিত্রে দেখা যাবে তাঁকে।