Advertisement
E-Paper

কঙ্গনার সঙ্গে বার বার বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন গায়ক! দিলজিতের সঙ্গে দেখা করতে আগ্রহী সাংসদ-অভিনেত্রী?

দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে বার বার বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। একসময়ে দিলজিৎকে তিনি কর্ণ জোহরের ‘পোষ্য’ তকমাও দিয়েছিলেন। পাল্টা জবাবও পেয়েছেন। এ বার ফের দিলজিৎকে নিয়ে কী বললেন কঙ্গনা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৮:১৪
Kangana Ranaut opens up Her Equation With Diljit Dosanjh

আবার কঙ্গনার নিশানায় দিলজিৎ? ছবি: সংগৃহীত।

এক এক দিন তাঁর নিশানায় এক এক তারকা। তাঁর তোপের তালিকা থেকে বাদ পড়েছেন, এমন তারকার নাম খুঁজে বার করা বেশ কঠিন কাজ। তিনি বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রনৌত। একাধিক বার পঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। সমাজমাধ্যমের পাতায় তাঁকে রীতিমতো ‘ট্যাগ’ করে পুলিশের ‘হুমকি’ দিয়েছেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, ২০২১ সালে কৃষক আন্দোলনর সময় দিলজিৎ ও কঙ্গনার বাগ্‌যুদ্ধের কথা অনেকেরই জানা। একসময়ে দিলজিৎকে তিনি কর্ণ জোহরের ‘পোষ্য’ তকমাও দিয়েছিলেন। প্রতি বারই অত্যন্ত সুচারু ভাবে কঙ্গনাকে উত্তর দিয়েছেন দিলজিৎ। এ বার বক্সঅফিসে মুখোমুখি প্রতিদ্বন্দ্বী তাঁরা। দিলজিৎকে নিয়ে কী মত কঙ্গনার?

এই শুক্রবার বক্সঅফিসে মুখোমুখি কঙ্গনা ও দিলজিৎ। এক দিকে কঙ্গনার ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তি পেয়েছে, অন্য দিকে দিলজিতের ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’ ছবিটিও মুক্তি পেয়েছে। কঙ্গনার ছবি প্রথম দিনে মাত্র ১ কোটি টাকা আয় করতে পেরেছে। অন্য দিকে দিলজিতের ছবি কঙ্গনার তুলনায় সামন্য বেশি আয় করেছে। ইমতিয়াজ় আলি পরিচালিত এই ছবির প্রথম দিনের আয়ের পরিমাণ ১.১৫ কোটি টাকা। সম্প্রতি ছবির প্রচারে দিলজিৎ প্রসঙ্গে কঙ্গনার কাছে প্রশ্ন রাখা হলে তিনি বলেন, ‘‘আমার দিলজিতের প্রতি কোনও রাগ নেই। আমরা একে অপরকে চিনি না। শুধু কিছু বিষয়ে আমাদের মতপার্থক্য রয়েছে।’’ তাতেই কঙ্গনার কাছে জানতে চাওয়া হয়, তিনি ভবিষ্যতে দিলজিতের সঙ্গে দেখা করতে আগ্রহী কি না! তাতে অবশ্য হেসে সম্মতি জানান অভিনেত্রী। যদিও কঙ্গনাকে নিয়ে প্রকাশ্যে সে ভাবে কোনও মন্তব্য করতে দেখা যায়নি দিলজিৎকে। তাঁদের কথোপকথন সব সমাজমাধ্যমেই।

বছরচারেক আগে খলিস্তানি নেতা অমৃতপাল সিংহকে হন্যে হয়ে যখন খুঁজছিল পঞ্জাব পুলিশ, তখন থেকেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ‘পুলিশ এসে গিয়েছে’ শব্দবন্ধ। সমাজমাধ্যমে ওই শব্দবন্ধ ট্রেন্ডিংয়ে থাকায় তাকে কাজে লাগিয়ে ‘ক্যাম্পেন’ করেছে একাধিক সংস্থা। এক জনপ্রিয় খাবার সরবরাহকারী সংস্থার প্রচারমূলক ক্যাম্পেনেও ওই শব্দবন্ধ ব্যবহার করা হয়। তবে, একটু অন্য ভাবে। সেই সময় ওই পোস্ট সমাজমাধ্যমে নিজের পাতায় শেয়ার করেন কঙ্গনা। তাতে ট্যাগ করেন পঞ্জাবি তারকা দিলজিৎকে। পরের পোস্টে কঙ্গনা লেখেন, ‘‘যাঁরা খলিস্তানি আন্দোলনকে সমর্থন করেছেন, মনে রাখবেন — এর পরেই আপনাদের পালা। পুলিশ এসে গিয়েছে! এখন আর সেই সময় নেই যে, যা খুশি করে বেড়াবেন আর কিছু বলা হবে না। দেশের বিরুদ্ধাচরণ করে দেশভাগ করার চেষ্টা করলে, এ বার তার ফল হাতেনাতে পেতে হবে।’’ খলিস্তানি নেতা অমৃতপাল সিংহকে নাকি সমর্থন করেন দিলজিৎ দোসাঞ্জ, এই অভিযোগের ভিত্তিতেই পঞ্জাবি তারকাকে হুমকি কঙ্গনার। অন্য দিকে, কৃষক আন্দোলনে কুকথা বলার পরেও নায়িকার সঙ্গে সম্মুখ সমরে নেমেছিলেন দিলজিৎ।

Diljit Dosanjh Kangana Ranaut
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy