ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি সহযোগে সাজানো পঞ্চব্যঞ্জন। শুটিংয়ের আগে নতুন শ্বশুরবাড়ির আয়োজন দেখে চমকে গেলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। এখনও বিয়ে হয়নি। সদ্য শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে আশীর্বাদ সেরেছেন অভিনেতা। তবে আইনি বিয়ে না হলেও তিনি তো মুখোপাধ্যায় পরিবারের জামাই-ই এখন। তাই আয়োজনের কোনও ত্রুটি রাখলেন না অভিনেত্রীর মা এবং দিদা।
সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। ধারাবাহিকের শুটিংয়ের চাপ। তাই গোটা দিন পরিবারের সঙ্গে কাটানো সম্ভব হয়নি তাঁদের। সৌরভ বললেন, “এটা তো প্রি-জামাইষষ্ঠী আমার। পুরোপুরি তো বিয়েটা হয়নি তো এখনও। তাতেই যা আয়োজন হয়েছিল! কাকিমা আর দিদা, দু’জনে অনেক রান্না করেছিলেন। চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরি, ইলিশ সর্ষে, পাঁঠার মাংস ছিল। শুটিং ছিল বলে এত কিছু খাওয়া সম্ভব হল না।” অল্প খাওয়াদাওয়া করে শুটিংয়ে চলে এসেছেন সৌরভ-শুভস্মিতা। ষষ্ঠী উপলক্ষে অনেক কিছু প্রাপ্তিও হয়েছে তাঁদের।
সৌরভের প্রথম জামাইষষ্ঠী। নিজস্ব চিত্র।
শাশুড়ির জন্য নিজে পছন্দ করে চুড়িদার কিনেছেন সৌরভ। আদরের জামাইকে পছন্দমতো শার্ট কিনে দিয়েছেন শুভস্মিতার মা। এ কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। কিছু দিন আগেই আশীর্বাদ সেরেছেন যুগলে। গত কয়েক মাস ধরে লুকোচুরি চলছিল। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা আনেননি তাঁরা। শেষমেশ শুভস্মিতা জানিয়েছিলেন, তিনি আর রাখঢাক করে চলতে পারছিলেন না। অভিনেত্রী বলেন, “এক জনকে ভালবেসেছি। প্রেম তো উদ্যাপন করা উচিত। আর লুকোছাপা করে চলতে পারছিলাম না।” তাই ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ননদের দেওয়া শাড়িতেই আশীর্বাদের দিন নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। আর নতুন জামাইয়ের পোশাক পছন্দ করেছিলেন তাঁর শাশুড়ি।
শুভস্মিতা আর সৌরভের বিয়ে কবে? তা এখনই অবশ্য তাঁরা ঠিক করেননি। ধারাবাহিক শেষ না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা সম্ভব নয় তাঁদের পক্ষে, জানিয়েছেন নায়িকা।