বেশ কিছু দিন ধরেই জ্বর, পেটে সংক্রমণ। তাই নিয়েই কাজ করে যাচ্ছিলেন। কিন্তু জ্বর কিছুতেই ছাড়ছিল না! খবর, শুক্রবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে দর্শনা বণিককে। অভিনেত্রীর প্রযোজক-অভিনেতা স্বামী সৌরভ দাস আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন দর্শনা। পরিস্থিতি বুঝে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসক ভর্তি করে নেন তাঁকে।
সৌরভের কথায়, “টানা চাপ যাচ্ছিল দর্শনার। বিজ্ঞাপনী ছবির শুটিং চলছিল। হয়তো কোনও ভাবে রোদ লেগেছে। বা হয়তো এমন কিছু খেয়ে ফেলেছিল, যা ওর পেটে সহ্য হয়নি। সম্ভবত এ সব থেকেই অসুস্থ হয়ে পড়েছে।” শুটিং চালিয়ে যেতেই ওষুধ খেয়ে কাজ করছিলেন দর্শনা। ওষুধের প্রভাবে জ্বর সাময়িক ছাড়লেও, তা ঘুরেফিরে আসছিল। পেটের সংক্রমণও কাবু করে ফেলেছিল তাঁকে।
হাতের কাজ শেষ হতেই দর্শনা তাই ঠিক করেন, শুক্রবার চিকিৎসকের কাছে যাবেন। অভিনেত্রী জানিয়েছেন, পরীক্ষায় তাঁর মূত্রনালিতে সংক্রমণও ধরা পড়েছে। তাই শুধু ওষুধের উপরে তাঁকে না রেখে হাসপাতালে ভর্তি করিয়ে নেন চিকিৎসক। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়েছে তাঁর। আগের তুলনায় সুস্থ তিনি। এ দিকে দর্শনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তাঁদের উদ্দেশে অভিনেত্রীর বার্তা, চিন্তার কারণ নেই। আগামিকাল, শনিবার হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।