Advertisement
E-Paper

শুটিং করতে গিয়ে প্রাণ যেতে বসেছিল! কেন আজও জলে নামতে ভয় পান লারা দত্ত?

লারা দত্ত সাঁতার জানতেন না। এক বার জলের দৃশ্যে শুটিং চলাকালীন হঠাৎই একটি বড় ঢেউ আসে। লারার সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও। বড় ঢেউ টেনে নিয়ে যায় তাঁদের।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৯:৩৩
ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল লারার!

ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল লারার! ছবি: সংগৃহীত।

দিঘার তালসারিতে রবিবার সমুদ্রের জলে শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে টলিউডের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অনেকেরই মতে, শুটিং চলাকালীন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন ঘটনা এড়ানো যেত। কারণ, এ ধরনের দৃশ্যগ্রহণের ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। তবে তা এড়ানোরও ব্যবস্থা অনেক জায়গায় থাকে। এক বার এমনই জলে শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল বলিউড অভিনেত্রী লারা দত্তের। প্রাণের ঝুঁকি পর্যন্ত ছিল অভিনেত্রীর। কোনওমতে বেঁচেছিলেন সেই দিন। কিন্তু তার পর থেকে জলের প্রতি আতঙ্ক হয়ে গিয়েছে তাঁর। সেই ঘটনার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী।

২০০৩ সালে ‘আন্দাজ়’ ছবিতে অভিনয় করেছিলেন লারা, অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়া। ছবির একটি গানের দৃশ্য ছিল সমুদ্রের মাঝে। সেই সময় লারা সাঁতার জানতেন না। শুটিং চলাকালীন হঠাৎই একটি বড় ঢেউ আসে। লারার সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও। বড় ঢেউ টেনে নিয়ে যায় তাঁদের। অভিনেত্রীর কথায়, “আমি জলের তলায় চলে যাই। আমি চামড়ার পোশাক পরেছিলাম। জানতাম না, কী ভাবে সাঁতার কাটতে হয়। ভারী পাথরের মতো ডুবে যাচ্ছিলাম।” সেই সময়ে তখন লারাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন অক্ষয় নিজেই।

নায়িকার কাছে দ্রুত সাঁতরে পৌঁছে যান তিনি। সময়মতো পৌঁছে গিয়ে উদ্ধার করেন লারাকে। তত ক্ষণে সেটের অন্য কলাকুশলীরাও এগিয়ে যান অভিনেত্রীকে উদ্ধার করতে। কোনওমতে লারাকে পাড়ে নিয়ে আসা হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই দিনের মতো শুটিং বন্ধ হয়ে যায়।

বেঁচে ফিরলেও, আজও জল নিয়ে আতঙ্ক দূর হয়নি লারার। ওই ঘটনার পর থেকে জলাশয় দেখলেই ভয় পেতেন তিনি। এর পরে অক্ষয় কুমারের সঙ্গেই ‘ব্লু’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন লারা। সেই ছবিরও অধিকাংশ শুটিং হয়েছিল জলের তলায়। সেই ছবির জন্যও বেশ আতঙ্কে ছিলেন লারা দত্ত। তখন অক্ষয় তাঁকে সাঁতার শেখার পরামর্শ দিয়েছিলেন।

Lara Dutta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy