যে কোনও চরিত্রে অনায়াসে নিজেকে নিমজ্জিত করে ফেলেন রণবীর সিংহ। আলাউদ্দিন খিলজি হোক বা কপিল দেব, পর্দায় তিনি কেবলই চরিত্র। বাস্তবে রণবীরের উদ্যমের অনুরাগীও অনেকে। যে কোনও অনুষ্ঠান অনায়াসে মাতিয়ে দেন তিনি। কোনও জড়তা নেই তাঁর মধ্যে। তবে সত্যিই কি তেমন? অভিনেত্রী সোনালি রাউত অবশ্য অভিনেতার চরিত্রের অন্য দিক জানালেন।
রণবীরের সঙ্গে একটি সাহসী ফোটোশুট করেছিলেন সোনালি। তাঁর পরনে ছিল বিকিনি। সেই সময়েই রণবীরকে একেবারে ভিন্ন ভাবে চিনেছিলেন সোনালি। অভিনেতা নাকি খুবই লাজুক ছিলেন। সেই সময়ে নাকি এমন উদ্যম ছিল না তাঁর। সোনালির কথায়, “আমি রণবীরকে একেবারে অন্য ভাবে চিনি। ওঁর সঙ্গে একটা ফোটোশুট করেছিলাম। কয়েক বছর পরে একই ধরনের ফোটোশুট তিনি বাণী কপূরের সঙ্গে করেছিলেন।”
রণবীর সেই সময়ে খুবই মিষ্টি ও শান্ত স্বভাবের ছিলেন বলে দাবি করেন সোনালি। তাঁর কথায়, “রণবীর খুবই মিষ্টি ও ভদ্র ছিলেন সেই সময়ে।” সোনালি বিকিনি পরেছিলেন, তাই রণবীর নাকি বেশ লজ্জাও পাচ্ছিলেন। জানান অভিনেত্রী।
সোনালি আরও বলেন, “খুবই সাহসী ফোটোশুট ছিল ওটা। আবেদনও ছিল। আমারও প্রথম সাহসী শুট ছিল। রণবীর খুব সতর্ক ছিলেন। শুধু চিউইংগাম চিবোচ্ছিলেন।” রণবীরকে দেখে ফোটোশুটের চিত্রগ্রাহক নাকি সোনালিকে বলেছিলেন, “রণবীরকে জড়তা কাটিয়ে উঠতে হবে। তোমার কোনও অসুবিধা হচ্ছে না ঠিকই। কিন্তু রণবীরকে চিন্তিত মনে হচ্ছে।” তখন রণবীর যাতে স্বচ্ছন্দ বোধ করেন, সেই চেষ্টা করতে থাকেন সোনালি।
রণবীর ও সোনালির সেই ফোটোশুট নিয়ে সেই সময়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। পরে একই কায়দায় বাণীর সঙ্গে ফোটোশুট করেছিলেন রণবীর।