Advertisement
E-Paper

‘আজ আমার গায়েহলুদ, কাল সঙ্গীত! কেউ না খেয়ে যাবেন না’, বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মৃণাল?

তাঁর বিয়ে। তিনি নাকি নিজেই জানেন না! এমনই দাবি মৃণাল ঠাকুরের। সেই তিনিই নিজের বিয়ে নিয়ে কী বললেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১
সত্যিই মৃণাল ঠাকুরের সাতপাক?

সত্যিই মৃণাল ঠাকুরের সাতপাক? ছবি: ফেসবুক।

প্রেম দিবস অর্থাৎ ভ্যালেনটাইন্স ডে-তেই নাকি তাঁর বিয়ে! ওই দিনই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ধনুষের সঙ্গে। এমন জল্পনায় বিনোদনদুনিয়া যখন মুখর, তখনই মুখ খুললেন অভিনেত্রী মৃণাল ঠাকুর। অনুরাগীদের সম্বোধন করে তিনি বলেছেন, “আজ গায়েহলুদ, কাল ‘সঙ্গীত’। আপনারা কিন্তু না খেয়ে কেউ যাবেন না!”

জল্পনা তা হলে সত্যি? খবর, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে এ ভাবেই রসিকতায় মেতেছেন মৃণাল। সাক্ষাৎকারের শুরুতেই জানিয়েছেন, তাঁর বিয়ের দিনক্ষণ যে ঠিক হয়েছে তা তিনি নিজেই জানেন না। অথচ, চারিদিকে কত জল্পনা! তার পরেই তাঁর বক্তব্য, “কেবল বিয়ে করতে হবে বলে, কোনও বাঁধনে বাঁধা পড়ার পক্ষপাতী নই।” তিনি মনে করেন, যখন সঠিক সঙ্গীর দেখা মেলে, সঠিক সময় আসে, নির্বাচিত সঙ্গীর সাহচর্যে সঙ্গিনী স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সঙ্গীর নীরবতাও যখন খারাপ লাগে না, তখনই সম্পর্কে বিয়ের সিলমোহর দেওয়া উচিত।

মৃণাল তাই নিজের বিয়ের জল্পনা উপভোগ করছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “নিজের বিয়ের গল্প শুনছি আর হাসছি। আজ পর্যন্ত কোনও অনুভূতি লুকিয়ে রাখতে পারিনি। তাই বিয়ের পিঁড়িতে বসলে সে খবরও লুকিয়ে রাখব না। সবাইকে জানাব।” প্রসঙ্গত, ‘দো দিওয়ানে শহর মে’ ছবিতে মৃণালের সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। ছবির প্রচারেই তাঁরা সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন।

কথাপ্রসঙ্গে সিদ্ধান্তও মৃণালের বিয়ে নিয়ে রসিকতায় মাতেন। বলেন, “১৪ ফেব্রুয়ারি মৃণালের বাড়ির সামনে সকলের দাঁড়িয়ে থাকা উচিত।” গুঞ্জন, খুব কাছের মানুষদের নিয়ে নির্দিষ্ট দিনে গোপনে ঘরোয়া ভাবে বিয়ে সারবেন ধনুষ-মৃণাল। সেই প্রসঙ্গেই সম্ভবত তিনি পাত্রীর বাড়ির সামনে সকলের অপেক্ষা করার কথা বলেছেন। তবে সিদ্ধান্তের এমন মন্তব্যের জবাব দিতেও ছাড়েননি অভিনেত্রী। হাসতে হাসতে মৃণাল বলেন, “আর সেটাই হবে সবচেয়ে বড় ‘এপ্রিল ফুল জোক’।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy