সুশান্ত সিংহ রাজপুত ও জিয়া খান আত্মহত্যা করেননি। বলিউড মাফিয়াদের কারণে তাঁদের মৃত্যু হয়েছে। বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।
আগেও বেশ কিছু সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করেছেন তনুশ্রী। এ বার তিনি দাবি করলেন, বলিউড মাফিয়া না থাকলে সুশান্ত ও জিয়া আজ জীবিত থাকতেন। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন গভীর বিষয় রয়েছে যেগুলি নিয়ে আলোচনা হওয়া উচিত। কিন্তু তা হয় না। এমন দাবিও করেছেন তিনি। তনুশ্রীর কথায়, “ওঁরা (সুশান্ত ও জিয়া) যে প্রবল সমস্যায় ছিলেন তা নিয়ে কথাই হয়নি। আমি বিশ্বাস করি না, ওঁরা আত্মঘাতী হয়েছিলেন। কিন্তু আমরা যদি ভেবেও থাকি, ওঁরা আত্মহত্যাই করেছিলেন, আমার একটাই প্রশ্ন। কেন এই চরম পদক্ষেপ করতে হল ওঁদের?”
আরও পড়ুন:
তনুশ্রী আরও বলেন, “কোনও সাধারণ মানুষই হঠাৎ সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেয় না যে তারা জীবন শেষ করে দেবে। এক জন যিনি সফল মানুষ ও আত্মবিশ্বাসী, তিনি কেন এমন সিদ্ধান্ত নেবেন?” তনুশ্রী মনে করেন, সুশান্ত ও জিয়া তাঁদের সমস্যার কথা ঠিকমতো বলতেই পারেননি। বহু দিন তাঁরা যন্ত্রণায় থাকার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তনুশ্রী বিশ্বাসই করতে চান না, তাঁরা আত্মঘাতী হয়েছিলেন।
বিনোদনজগতে কাজের অনিশ্চয়তা থাকে। সেটা সকলেই জানেন। শুধু কাজের জন্য আত্মহত্যার মতো সিদ্ধান্ত কেউ নেন না। অন্য কোনও চাপ তাঁদেরকে এমন চরম পথে নিয়ে যায় বলে মত অভিনেত্রীর। তাই তিনি বলেন, “এই মাফিয়া জগতের লোকজন খুব অহঙ্কারী। ওদের কথা মতো না চললেই ওরা শত্রুতা করে। যাঁরা স্বাধীন ভাবে ও সৎপথে কাজ করতে চান, তাঁদেরই হেনস্থা করে এই মাফিয়া গোষ্ঠী।”