Advertisement
E-Paper

চর্চায় ‘আদিপুরুষ’, বিতর্ক থেকে দূরে থাকতে কী পথ বেছে নিলেন ‘জানকী’ কৃতি?

বক্স অফিসে লক্ষ্মীলাভ হলেও ছবি ঘিরে এখনও সমালোচনা থামেনি। কিন্তু বিতর্ক থেকে দূরে থাকতে চাইছেন ‘আদিপুরুষ’-এর অভিনেত্রী কৃতি শ্যানন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ২০:১৬
Kriti Sanon

‘আদিপুরুষ’ ছবিতে সীতার চরিত্রে কৃতি। ছবি: সংগৃহীত।

ছবি মুক্তির আগে বিতর্ক, পরেও বিতর্ক অব্যাহত। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’-এর দিকে একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে। বিতর্কের সূত্রপাত হয়েছিল ছবিতে ‘রাবণ’ চরিত্রের সাজপোশাক নিয়ে। তার পর একাধিক আইনি জটিলতার জালেও পড়তে হয়েছে প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত এই ছবিকে। আদালতে একাধিক মামলা চলার ফলে বার বার পিছিয়ে গিয়েছে ওম রাউত পরিচালিত ছবির মুক্তিও। অবশেষে গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। সীতার জন্মস্থান সংক্রান্ত বিভ্রান্তি থেকে শুরু করে হনুমানের সংলাপ— সব নিয়েই অসন্তুষ্ট দর্শক। বিশেষত, হনুমানের মুখে ভাষা শুনে বেশ ক্ষুব্ধ তাঁরা। ছবির সংলাপ সংক্রান্ত বিতর্ক নিয়ে সম্প্রতি মুখ খোলেন লেখক মনোজ মুন্তাসিরও। এমনকি, দর্শকের চাপে পড়ে ছবির সংলাপ বদলের সিদ্ধান্ত নেন ছবির নির্মাতারা।

অসংখ্য মানুষের নিরলস প্রচেষ্টার ফলে তৈরি হয় একটি বড় বাজেটের ছবি। কিন্তু পরিশ্রমের সেই ফসলকে যখন সমালোচনার তিরে বিদ্ধ করা হয়, তখন তা ছবির সঙ্গে যুক্ত মানুষদের কাছে বেদনাদায়ক। নিরর্মাতারা প্রতিনিয়ত প্রচার করে ছবির দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। কিন্তু তাতেও চিঁড়ে ভিজছে না। তবে, ছবি ঘিরে যাবতীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন ছবির সীতা কৃতি শ্যানন। তাঁর প্রমাণও দিয়েছেন অভিনেত্রী।

সোমবার রাতে ইনস্টাগ্রামে ‘আদিপুরুষ’ চলছে এ রকম কিছু প্রেক্ষাগৃহের ভিডিয়ো পোস্ট করেন। সেখানে ছবি দেখতে দেখতে দর্শকদের উচ্ছ্বাসই ধরা পড়েছে। সঙ্গে কৃতি লিখেছেন, ‘‘প্রশংসা এবং করতালিতেই মনোনিবেশ করছি।’’ কৃতির এই পোস্ট দেখে অনুরাগীদের একটা বড় অংশ অভিনেত্রীকে সমর্থন করেছেন। কারও মতে, জানকী (ছবিতে সীতা চরিত্রের নাম) চরিত্রে কৃতি যথার্থ অভিনয় করেছেন। আবার কারও কথায়, ‘‘যে কোনও ভাল কাজের সঙ্গে রয়ে যায় সমালোচনা। মনখারাপ করবেন না।’’ তবে এরই পাশাপাশি নেতিবাচক মন্তব্যও চোখে পড়েছে। এক জন লিখেছেন, ‘‘কৃতি, দয়া করে মেনে নিন, এই ছবিটা রামায়ণের সবচেয়ে দুর্বল সংস্করণ এবং ভবিষ্যৎ কেরিয়ারে মনোনিবেশ করুন।’’

কৃতিকে সমর্থন করেছেন তাঁর বোন নুপূর শ্যানন। দিদির পোস্টের নীচে লিখেছেন, ‘‘তোমাকে নিয়ে আমি গর্বিত।’’ ছবির পুরো টিমের প্রশংসা করেও ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘‘অভিনয়, গান এবং পরিচালনা। আমাকে চমকে দিয়েছে। পুরো টিমকে আমার কুর্নিশ।’’

Kriti Sanon Bollywood Actress Adipurush Bollywood Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy