দেশের সর্বোচ্চ করদাতাদের অন্যতম তিনি। অভিনেতা হিসাবে বছরে সবচেয়ে বেশি সংখ্যক ছবি মুক্তি পায় তাঁর। খ্যাতি এবং প্রতিপত্তির পরেও অক্ষয় কুমার মাটিতে পা রেখে চলতে পছন্দ করেন। যদিও তাঁকে নিয়ে দুর্নামও রয়েছে। তিনি নাকি অভিনেতা কম, বরং ব্যবসায়ী বেশি! সম্প্রতি অক্ষয় জানান, তিনি পড়াশোনা জানা লোকেদের মাঝে নিজেকে বড্ড ছোট অনুভব করেন।
আরও পড়ুন:
অক্ষয় মুম্বইয়ের এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন। কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু, শেষ করতে পারেননি। তার আগেই ব্যাংকক চলে যান মার্শাল আর্টের বিদ্যা রপ্ত করতে। প্রথম জীবনে হোটেলে কাজ করেছেন। সেখানে থেকে বলিউডের অন্যতম প্রভাবশালী নায়ক তিনি। তবু আক্ষেপ রয়ে গিয়েছে পড়াশোনা শেষ না করার। অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খন্না পেশায় লেখিকা। কিন্তু, স্ত্রীর কোনও লেখাই নাকি কখনও পড়েননি তিনি।
অক্ষয় বলেন, ‘‘আমি বেশি পড়াশোনা করা লোকেদের মাঝে হীনম্মন্যতায় ভুগি। আমি মাঝেমাঝে ভাবি, আবার পড়াশোনা শুরু করলেই হয়। কিন্তু, তার পরের মুহূর্তেই ভাবি, এটা সম্ভব নয়। আসলে পড়তে বসলে আমার কান্না পায়। পড়াশোনা বিষয়টাই ভাল লাগে না।’’