হোয়াট্সঅ্যাপে একটি ভয়েস নোট। তার পর থেকেই শুরু বিতর্ক। খুনের হুমকি দেওয়া হয় অভিনেতা রণবীর সিংহকে। সঙ্গে দাবি করা হয়েছিল ১০ কোটি টাকা। জানা গিয়েছে হ্যারি বক্সার নামে বিশ্নোই গ্যাংয়ের ঘনিষ্ঠ ব্যক্তি অভিনেতাকে হুমকিবার্তা পাঠিয়েছেন। এ বার খবর, মুম্বইয়ের অপরাধদমন শাখা তার নামে জারি করেছে ‘লুক আউট’ নোটিস।
কয়েক দিন আগের ঘটনা। মুম্বইয়ে পরিচালক রোহিত শেট্টীর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় কিছু দুষ্কৃতি। তার পরেই এই হুমকিবার্তা গিয়েছিল রণবীরের আপ্তসহায়কের কাছে। একের পর এক এমন ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, একটি আমেরিকান ফোন নম্বর থেকে এসেছিল এই হুমকিবার্তা। সেই ভয়েস নোটটি পঞ্জাব এবং হরিয়ানার এজেন্সির সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। এই ঘটনায় যদিও এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি। তদন্ত চলছে।
আরও পড়ুন:
তবে এই হুমকিবার্তা আসার পরে আরও জোরদার হয়েছে রণবীর এবং দীপিকা পাড়ুকোনের নিরাপত্তা। অভিনেতার বাড়ি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে এ বিষয়ে যদিও ‘ধুরন্ধর’ অভিনেতার পক্ষ থেকে কোনও বিজ্ঞপ্তি বা বার্তা এখনও দেওয়া হয়নি। খবরটি ছড়ানোর পর থেকেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।
উল্লেখ্য, গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে রণবীরের ‘ধুরন্ধর’। ছবির সাফল্য উপভোগ করছিলেন অভিনেতা। তার মধ্যেই এসেছে এই হুমকিবার্তা। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’।